লেজুড় সংগঠন বিলুপ্ত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিক নির্বাচনী আইন অনুযায়ী রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন হিসেবে ছাত্র, শ্রমিক, পেশাজীবী ও প্রবাসী সংগঠন না রাখা-সংক্রান্ত বিধান বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, লেজুড়বৃত্তির কারণে এ সংগঠনগুলো অতীত ঐতিহ্য হারাচ্ছে। এ জন্য তাঁরা লেজুড় সংগঠন বিলুপ্ত করার দাবি জানান। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, পেশাজীবী ও শ্রমিকেরা জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমনকি প্রবাসীরাও স্বাধীনতাসংগ্রামে নানাভাবে অবদান রেখেছেন। কিন্তু বর্তমানে ছাত্র-শ্রমিক-পেশাজীবী ও প্রবাসীদের নিয়ে গঠিত রাজনৈতিক দলের লেজুড় সংগঠনগুলো এ ঐতিহ্য ও অবদানকে ম্লান করে দিচ্ছে। শুধু তা-ই নয়, তারা যেন আজ দেশকে এগিয়ে নেওয়ার এবং এর সুনাম রক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।বিবৃতিদাতারা বলেন, ‘প্রধান রাজনৈতিক দলগুলো আক্ষরিক অর্থে গণপ্রতিনিধিত্ব আদেশ আইনের (আরপিও) বিধান মানলেও আইনের উদ্দেশ্য ও চেতনাগত দিক সম্পূর্ণ উপেক্ষা করছে। এ অবস্থায় আইনের শাসন ও সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার স্বার্থে প্রধান রাজনৈতিক দলগুলোকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ছাত্র-শ্রমিক-পেশাজীবী ও প্রবাসী সংগঠনগুলোকে বিলুপ্ত করার অনুরোধ করছি। একই সঙ্গে নির্বাচন কমিশনকে আইনটির যথাযথ বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি।’ তাঁরা বলেন, লেজুড় সংগঠন বিলুপ্ত হলেই সুস্থ ধারার ছাত্র, শ্রমিক, পেশাজীবী ও প্রবাসীদের সংগঠন গড়ে ওঠার পথ সুগম হবে।বিশিষ্ট ব্যক্তিরা আরও বলেন, আরপিও অনুযায়ী রাজনৈতিক দলের গঠনতন্ত্রে ছাত্র, শ্রমিক ও পেশাজীবীদের নিয়ে গঠিত কোনো সংগঠনকে অঙ্গ বা সহযোগী সংগঠন হিসেবে রাখা যাবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে আইনটি প্রণীত এবং এটি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অনুমোদিত হয়। এর উদ্দেশ্য হলো নিবন্ধিত দলের লেজুড় সংগঠন বিলুপ্ত করা। তা না হলে এ বিধান আইনে অন্তর্ভুক্ত করারই কোনো যৌক্তিকতা নেই।বিবৃতিতে বলা হয়েছে, ছাত্র, শ্রমিক ও পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণের বদলে দলকে ছাতা হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধরনের জনস্বার্থবিরোধী সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব ইত্যাদি অপকর্মে লিপ্ত হওয়ার ঘটনা ঘটছে। এ ছাড়া লেজুড়বৃত্তির ছাত্রসংগঠনগুলো বহুলাংশে পরিচালিত হয় অছাত্র বহিরাগতদের দ্বারা, যাদের অনেকেই বেআইনি কাজের সঙ্গে জড়িত। উপরন্তু বিভিন্ন পেশাজীবী সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়া তাদের আচরণবিধিরও পরিপন্থী। দেশে সুস্থ ধারার রাজনীতি প্রবর্তন ও প্রতিষ্ঠা করার লক্ষ্যে এসব লেজুড় সংগঠনের জনবিরোধী কার্যকলাপ বন্ধ করা আজ জরুরি হয়ে পড়েছে।বিশিষ্ট নাগরিকেরা বলেন, রাজনৈতিক দলের গঠনতন্ত্র অনুযায়ী ভৌগোলিক সীমার বাইরে কমিটি গঠন ও পরিচালনা করা যাবে না। এমন বিধান রাখার উদ্দেশ্য হলো, এসব প্রবাসী সংগঠনের অসদাচরণ যেন বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে। প্রধান রাজনৈতিক দলগুলো তাদের গঠনতন্ত্রে অঙ্গ বা সহযোগী সংগঠন হিসেবে ছাত্র, শ্রমিক ও পেশাজীবী সংগঠনগুলোকে বাদ দিয়েছে। একইভাবে তারা প্রবাসী সংগঠনের বিধানও তাদের দলের গঠনতন্ত্র থেকে বিলুপ্ত করেছে। কিন্তু পরিতাপের বিষয়, দলের লেজুড় হিসেবে সংগঠনের কার্যক্রম আগের মতোই চলছে। কিন্তু সংশ্লিষ্ট দলগুলো তাদের লেজুড় সংগঠনগুলোর অপকর্মের দায়-দায়িত্ব নিতে অস্বীকৃতি জ্ঞাপন করছে।বিবৃতিতে সই করেন খান সারওয়ার মুরশিদ, মোজাফ্ফর আহমদ, এম হাফিজউদ্দিন খান, জিল্লুর রহমান সিদ্দিকী, এএসএম শাহজাহান, আকবর আলি খান, আতাউস সামাদ, সুলতানা কামাল, সেলিনা হোসেন, জামাল নজরুল ইসলাম, সৈয়দ আবুল মকসুদ, অজয় রায়, সৈয়দ আনোয়ার হোসেন, দিলারা চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম, মাহফুজা খানম, ড. তোফায়েল আহমেদ, মুসলেহ উদ্দিন আহমদ, বদিউল আলম মজুমদার, আসিফ নজরুল প্রমুখ।