লেটার প্রেস দিয়েই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপার কাজ
পঞ্চাশের দশকের লেটার প্রেস দিয়েই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপাখানা। আধুনিক ছাপাখানায় রূপান্তরের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কয়েকবার উদ্যোগ নিলেও তা আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। আধুনিক যন্ত্রপাতির অভাবে ঢিমেতালে কাজ করছেন এখানকার কর্মকর্তা-কর্মচারীরা। আধুনিক ছাপাখানা না থাকায় প্রতিবছর প্রায় অর্ধকোটি টাকার কাজ বাইরের ছাপাখানায় করাতে হচ্ছে।ছাপাখানা সূত্রে জানা গেছে, ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপাখানাটি প্রতিষ্ঠিত হয়। শুরুর দিকে এটি জগন্নাথ হলের একটি ভবনে ছিল। ১৯৬৭ সালে স্যার এ এফ রহমান হলের পাশে এটিকে সরিয়ে আনা হয়।ছাপাখানায় গিয়ে কয়েকজন কর্মীকে শিক্ষার্থীদের টেবুলেশনশিট তৈরি করতে দেখা গেল। তাঁদের সবার সামনেই কতগুলো কাঠের ডালা। ডালাগুলোর একেকটি খোপে রাখা আছে সিসার অক্ষর—কোনোটিতে ক, কোনোটিতে ত আবার কোনটিতে শুধুই আ-কার (া)। এই অক্ষরগুলো হাতে হাতে বসানোর পর তৈরি হয় একটি টেবুলেশনশিটের ম্যাটার। ম্যাটারটি প্রস্তুত হয়ে গেলে সেটি তোলা হয় পাশে রাখা ছাপার মেশিনের ওপর। এভাবেই আদিকালের ‘হ্যান্ড প্রেস’ দিয়ে ছাপা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টেবুলেশনশিট। পাশের কক্ষেই রয়েছে ৪০ বছরের পুরোনো মনো অপারেটিং ও মনো কাস্টিং মেশিন। এখানে মনো অপারেটিং মেশিনের মাধ্যমে ছাপা অক্ষর তৈরি করা হয়। এই মেশিনে নিজস্ব কি-বোর্ডে টাইপ করা যায়। তখন অক্ষরের বদলে কতগুলো ছিদ্র তৈরি হয় মেশিনে ঝুলিয়ে রাখা কাগজে। ছাপাখানার বর্ষীয়ান এক কর্মচারী জানালেন, মোনো টাইপ মেশিনে রয়েছে ৩৭২টি ম্যাট্রিক্স ফেজ এবং এই ফেজগুলো হলো ছোট ছোট অক্ষরের আকারে। মেশিনের কি-বোর্ডে যে অক্ষরটি টাইপ করা হয় তাই রিল করে রাখা কাগজে ছিদ্র আকারে বের হয়।মনো অপারেটিং মেশিনের পাশেই রাখা আছে মনো কাস্টিং মেশিন। অপারেটিং মেশিনে কাজ শেষ করার পর কাগজের রিলটি এখানে স্থানান্তর করা হয়। কাগজের রিল ঘোরে আর বৈদ্যুতিক হিটারে অতি উচ্চ তাপে সিসা গলিয়ে অক্ষর বানানো হয়। মেশিন অপারেটর মো. রুহুল আমিন জানান, প্রায় ৪০ বছর আগে বৈদ্যুতিক এই মেশিনটির সাহায্যে বেশ দ্রুতগতিতে কাজ করা সম্ভব হতো। কিন্তু এখন অফসেট প্রেসের যুগে এই প্রযুক্তি বেমানান।পাশের কক্ষে চলছে প্রুফ রিডিংয়ের কাজ। এ কাজ কম্পিউটারে করা হয় না, বরং দেখা হয় ছাপানোর আগে ছাপার ম্যাটারের মধ্যকার ভুল বানান আছে কি না। সিসার অক্ষর অদল-বদল করে ঠিক করা ম্যাটার আবার চলে যাচ্ছে পাশের রুমে বসানো হাইডেলবার্গ মেশিনে। ৩২ বছর আগে বিজি প্রেস থেকে কেনা হয় ব্যবহূত এই হাইডেলবার্গ মেশিনটি। ছাপাখানায় আরও আছে রোলার মেশিন, ফোল্ডিং মেশিন, কাটিং মেশিন ও পিনআপ মেশিন। কিন্তু এত বড় ছাপাখানায় কোনো কম্পিউটার নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে দরপত্রের মাধ্যমে বাইরের নয়টি প্রেস থেকে তাদের কাজ করাচ্ছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের গোপনীয়তা ও নিজস্বতা ক্ষুণ্ন হচ্ছে। প্রতিবছর গড়ে ৫০ লাখ টাকার ছাপার কাজ বাইরের ছাপাখানাগুলো থেকে করানো হয় বলে তিনি জানান। লেটার প্রেস আর মনো অপারেটিং প্রেসের সাহায্যে এখন শুধু পরীক্ষার খাতা, সিলেবাস, টেবুলেশনশিট ও মার্কশিটসহ অল্প কিছু কাজ করা হচ্ছে এখানে।কমিটির পর কমিটি: ফলাফল শূন্য প্রায় দুই দশক আগে একটি প্রেস উপদেষ্টা কমিটি গঠনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম প্রেসটির আধুনিকায়নের পদক্ষেপ নেয়। এই কমিটির ব্যর্থতার পর ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ট্রেজারার অধ্যাপক সৈয়দ রশিদুল হাসানকে প্রধান করে ‘প্রেস আধুনিকায়ন কমিটি’ নামে আরেকটি কমিটি গঠন করা হয়। এই কমিটি বিশ্ববিদ্যালয় প্রেসে আধুনিক প্রযুক্তির সমন্বয় এবং নতুন প্রযুক্তি ব্যবহারে উপযোগী নতুন লোক নিয়োগের একটি প্রতিবেদন তৈরি করে। সেই সঙ্গে প্রেসের পুরোনো কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাঁরা একেবারে নতুন প্রযুক্তিতে কাজ করতে পারবেন না, তাঁদের বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগে বদলি করার কথাও বলা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্র জানায়, ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারির সিন্ডিকেট অধিবেশনে প্রেস আধুনিকায়ন কমিটি প্রণীত প্রতিবেদনে ‘কস্ট বেনিফিট অ্যানালাইসিস’ দেখানো হয়নি বলে তা গ্রহণ করা হয়নি। সিন্ডিকেট ‘কস্ট বেনিফিট অ্যানালাইসিস’ করার জন্য আরও তিনজনকে ওই কমিটিতে নিয়োগ দিয়ে পুনরায় প্রতিবেদন জমা দিতে বলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হন অধ্যাপক আবুল কালাম আজাদ। তখন নতুন একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি আগের কমিটির প্রতিবেদনের কথা ভুলে গিয়ে আবার নতুন করে একটি প্রতিবেদন দাখিল করে। এই প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি কোম্পানির ৫১ অনুপাত ৪৯ মালিকানায় প্রেস পরিচালনার প্রস্তাব করা হয়। কিন্তু এর ফলে বিশ্ববিদ্যালয়ের নিজস্বতা ও গোপনীয়তা থাকবে না বলে অনেকে এর বিরোধিতা করেন। এই প্রস্তাবটিও আগের অন্যান্য প্রস্তাবের মতোই মুখ থুবড়ে পড়ে।বিশ্ববিদ্যালয়ের প্রেসটির আধুনিকায়নের প্রয়োজনীয়তা স্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রেস আধুনিকায়নের জন্য যে টাকা প্রয়োজন, সেই টাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বহন করা সম্ভব নয়। প্রেস আধুনিকায়নের জন্য আমরা ১০ কোটি টাকার একটি পরিকল্পনা সরকারের কাছে পাঠিয়েছি। একনেকের সভায় সেটি অনুমোদিত হলেই আমরা সব কাজই আমাদের প্রেস থেকে করতে পারব।’