লেদার টেকনোলজি কলেজকে ইনস্টিটিউট করার উদ্যোগ
রাজধানীর লেদার টেকনোলজি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের চামড়াশিল্পের বিকাশে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, চামড়াশিল্পের বিকাশ এবং এর জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে লেদার টেকনোলজি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান করার চিন্তাভাবনা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট হলে প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না। প্রতিষ্ঠানটি নিজ উদ্যোগেই উন্নতমানের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে।জানা গেছে, লেদার টেকনোলজি কলেজটির শিক্ষা কার্যক্রম চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে একটি প্রকল্পের মাধ্যমে। আর প্রশাসনিক কার্যক্রম চলছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে। কলেজটির শিক্ষকের পদ আছে ৮৪টি। কিন্তু এখন শিক্ষক আছেন মাত্র ১৭ জন। শিক্ষার্থী আছে ৮৪৬ জন। কলেজটিতে শিক্ষক নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে আজ আন্তমন্ত্রণালয়ের সভার আয়োজন করা হয়।শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।