লেন-বাতির সংকেত ভুলে গেছেন চালক ও পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকঢোল পিটিয়ে গত বছরের ডিসেম্বরে যানবাহনের জন্য পৃথক লেন চালু করেছিল ঢাকা মহানগর পুলিশ। ওই সময় লেন ব্যবহার না করায় আট মাসে ৪৭ হাজার যানবাহনকে শাস্তিও পেতে হয়েছিল। কিন্তু এখন সে ব্যবস্থার কথা ভুলে গেছে সবাই। চালকেরা আর লেন মানেন না, পুলিশেরও মাথাব্যথা নেই এসব নিয়ে। রাজধানীর যানবাহন আগের মতোই ট্রাফিক পুলিশের হাতের ইশারায়ই চলছে।গতকাল সকালে রাজধানীর শেরাটন ক্রসিংয়ে দেখা গেল, সিগন্যালে পাশাপাশি দাঁড়িয়ে আছে ৮ নম্বর রুটের দুটি বাস। লেন-পদ্ধতি অনুযায়ী যে লেনে বাসগুলোর যাওয়া নিষিদ্ধ ছিল, সে লেনেই দাঁড়িয়ে আছে। তার পাশে দাঁড়ানো একটি মিশুক। সংকেত দিতেই শুরু হলো আগে যাওয়ার প্রতিযোগিতা। মিশুকটিকে কোণঠাসা করে ডানে-বাঁয়ে এঁকেবেঁকে বাস দুটি চলে গেল শাহবাগের দিকে। রাস্তায় তখনো সার্জেন্ট নির্বিকার দাঁড়িয়ে ছিলেন।মিরপুর-গুলিস্তান রুটের বাসচালক শহীদুল জানান, লেন মানা নিয়ে এখন কড়াকড়ি নেই। যে যার মতো রাস্তায় চলছে। তিনি বলেন, ‘এখন সবাই মোবাইল কোর্টের ডরে অস্থির। পুরান গাড়ি, ভাঙা গাড়ি রাস্তায় নামতাছে না।’মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ না থাকলে মানুষ লেন মানে না। আমরা ঢাকা সিটি করপোরেশনকে বলেছি রাস্তায় লেনগুলো চিহ্নিত করে দিতে। কিন্তু তারা গড়িমসি করছে। লেন মানতে হলে শুধু পুলিশ দিয়ে হবে না। মানুষকেও সচেতন হতে হবে।’সূত্র জানায়, বিআরটিএর হিসাব অনুযায়ী রাজধানীতে পাঁচ লাখ ২৭ হাজার যানবাহন রয়েছে। এর মধ্যে প্রাইভেট কার দেড় লাখ আর বাস-মিনিবাস আছে সাড়ে ১৬ হাজার। পুলিশের হিসাব অনুযায়ী আইন ভঙ্গের অভিযোগে গত আট মাসে রাজধানীতে প্রায় দেড় লাখ যানবাহন শাস্তি পেয়েছে। এ সময় জরিমানা আদায় করা হয়েছে ১৮ কোটি টাকা। এই হিসাবে রাজধানীর মোট যানবাহনের শতকরা ২০ ভাগেরও বেশি এ সময় অভিযুক্ত হয়।ফিরে এসেছে ট্রাফিকের হাত: গত সোমবার দুপুরে রাজধানীর মগবাজার মোড়ে সবুজ বাতি জ্বলে থাকার পরও বাংলামোটরের দিকের পথ হাতের ইশারায় আটকে রেখেছেন ট্রাফিক কনস্টেবল। গাজীপুর পরিবহনের একটি বাসের চালক জানান, এখন আবারও ট্রাফিকের হাতের ইশারা অনুসরণ করছেন তাঁরা। চলন্ত পথটি আটকানোর সময় ট্রাফিক পুলিশকে দেখা গেল ঝুঁকি নিয়ে গাড়ির সামনে লাফিয়ে পড়ে গাড়ি থামাচ্ছেন। একই অবস্থা দেখা গেল মিরপুর রোড-ধানমন্ডি ২৭ নম্বর ক্রসিংয়েও। সবুজ বাতি জ্বলে রয়েছে, অথচ পথ আটকে রাখা হয়েছে। গতকাল দুপুরে রাসেল স্কয়ার সিগন্যালে কোনো সিগন্যাল বাতিই জ্বলছিল না। হাতের ইশারায়ই চলছে ট্রাফিক কার্যক্রম।মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ট্রাফিক শফিকুর রহমান এ ব্যাপারে প্রথম আলোকে জানান, বিদ্যুৎ চলে গেলে পুরো সিগন্যাল বাতি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ এলে আবারও নতুন করে প্রোগ্রাম সেট করতে হয়। তিনি জানান, সিগন্যাল বাতিগুলো সৌরশক্তিতে চালানোর সুপারিশ করেছেন পুলিশের কমিশনার।কমিশনার জানান, নগরের ৫৫টি পয়েন্টে ডিজিটাল ক্যামেরা বসানো হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকেই এগুলো চালু হয়ে যাবে। তখন নিয়ন্ত্রণকক্ষে বসে পুরো নগরের ট্রাফিকব্যবস্থা পর্যবেক্ষণ করা যাবে।শুধু মামলা আর জরিমানা: চলমান আইন প্রয়োগের পাশাপাশি গত বছরের ৮ ডিসেম্বর রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। পুলিশের হিসাবে দেখা গেছে, ১৩ জুলাই পর্যন্ত চালানো অভিযানে এক লাখ ৫৬ হাজারটি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ থেকে ১৮ কোটি ৩৮ লাখ টাকার জরিমানা আদায় করা হয়। এ সময়ে পাঁচ হাজার গাড়ি ও ২৯১ জন চালককে আটক করা হয়। প্রায় সাড়ে তিন হাজার চালকের লাইসেন্সও জব্দ কর হয়।এ ছাড়াও গত বছরের ৯ আগস্ট শুরু হওয়া পুরোনো বা রুটপারমিট বিহীন যানবাহনবিরোধী অভিযানে ১১ মাসে ২৬ হাজার ৬৭৬টি যানবাহন আটক করা হয়। এর মধ্যে জরিমানা আদায়ের পর ২৩ হাজার ৮০০টি গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। এখনো এক হাজার ২১৬টি গাড়ি আটক রয়েছে। আটকের পর ‘আর ঢাকা শহরে চালানো হবে না’ এ রকম মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছে আরও এক হাজার ৬৫৭টি যানবাহন। কিন্তু তার পরও পরিস্থিতি এতটুকু বদলায়নি।