শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতিসহ লেনদেনের চাঙাভাব আজ বুধবারও অব্যাহত ছিল। তবে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বাড়লেও আজ মিউচুয়াল ফান্ডগুলোর দাম অনেকটাই কমেছে। ব্যাংক-বিদ্যুত্-অবকাঠামো খাতের শেয়ারের দাম বাড়লেও মিশ্রভাব ছিল বিমা খাতের শেয়ারের দাম বৃদ্ধি ও কমাতে।আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট এক হাজার ১০৮ কোটি টাকার লেনদেন হয়েছে। সাধারণ সূচক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯৮ পয়েন্টে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ৯১টির। লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, সিটি ব্যাংক ও এনসিসি ব্যাংক। আজ ১০ টাকা অভিহিত মূল্যের গ্রামীণফোনের শেয়ার গড়ে লেনদেন হয়েছে ২২২ থেকে ২২৭ টাকার মধ্যে এবং সর্বোচ্চ লেনদেন হয়েছে ৫৮ কোটি টাকার শেয়ার।এদিকে প্রাথমিক শেয়ারের টাকাসহ নগদ লভ্যাংশ দেওয়ার বিষয়ে গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিনিয়োগকারীসহ ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর সভাপতি রকিবুর রহমানের মতে, প্রাথমিক শেয়ারের টাকা পাওয়া নিয়ে যে জটিলতা এত দিন ছিল, নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের কারণে তা অবসান হয়েছে।গতকাল এসইসির নির্দেশনার পর আজ সায়হাম টেক্সটাইল ও মেঘনা কনডেন্সড মিল্ক প্রতিষ্ঠান দুটি আলাদাভাবে জানিয়েছে, তারা ২০০৮-০৯ অর্থবছরের জন্য যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বিনিয়োগকারীরা সায়হাম টেক্সটাইলের ক্ষেত্রে ২৪ থেকে ২৮ জানুয়ারির মধ্যে প্রতিষ্ঠানটির গুলশান কার্যালয় থেকে এবং মেঘনা কনডেন্সড মিল্কের ক্ষেত্রে ২১ থেকে ২৪ জানুয়ারি পুরানা পল্টনের আজাদ সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। সায়হাম টেক্সটাইল বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ এবং মেঘনা কনডেন্সড মিল্ক ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।এ ছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে ২৫০ কোটি টাকার বন্ড বাজারের ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছে।