লেনদেন বৃদ্ধি অব্যাহত ডিএসইতে
সূচক ও লেনদেন বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার গতকালের মতো সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে ডিএসইতে। আর প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আজও ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২২.৭০ পয়েন্ট বেড়ে ৪২৭১.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৩টিরই দাম বেড়েছে, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ ডিএসইতে ৪৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২০ কোটি টাকা বেশি।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, বেক্সিমকো, জেনারেশন নেক্সট ফ্যাশন, গ্রামীণ ফোন, সানলাইফ ইনস্যুরেন্স, বিএসসিসিএল ও এনবিএল।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৩৮০ পয়েন্টে। সিএসইতে আজ ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ১২৪টিরই দাম বেড়েছে, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।