লেনদেন ভারসাম্যে চাপ কমাতে ভারত থেকে ঋণ পাওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোনো দেশ লেনদেন ভারসাম্যে (বিওপি) বড় চাপের সম্মুখীন হলে তাদের জন্য ঋণসুবিধার ব্যবস্থা হয়েছে। ভারত সরকার সোয়াপ অ্যারেঞ্জমেন্টের আওতায় এই ঋণ সুবিধা দেবে। এ জন্য ভারত ২০০ কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে বাংলাদেশ ৪০ কোটি ডলার পর্যন্ত প্রয়োজনে ঋণসুবিধা নিতে পারবে। সম্প্রতি নেপালে সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আজ রোববার গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে সার্কভুক্ত দেশের অর্থমন্ত্রীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি প্রথম আলোচনায় আসে। গণমাধ্যমে কর্মরত অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত কর্মশালায় গভর্নর এ তথ্য জানান। দিনব্যাপী আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক পরামর্শক আল্লাহ মালিক কাজেমী, গভর্নরের অর্থনৈতিক উপদেষ্টা হাসান জামান প্রমুখ। এ সময় ইআরএফের সভাপতি খাজা মইনুদ্দীন, সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছিসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।আতিউর রহমান জানান, সোয়াপ অ্যারেঞ্জমেন্টের আওতায় সার্কভুক্ত প্রতিটি দেশ নির্দিষ্ট একটি পরিমাণে ঋণসুবিধা নিতে পারবে। তিন কিস্তিতে এই ঋণের অর্থ পাওয়া যাবে। প্রথম দুই কিস্তির জন্য সুদের হার হবে লন্ডনের আন্তব্যাংক ঋণের সুদ হার (লাইবর) চেয়ে ২ শতাংশ বেশি। আর তৃতীয় কিস্তির সুদ হার হবে ২.৫ শতাংশ। ডলার, ইউরো এবং ভারতীয় রূপিতে এই ঋণ দেওয়া হবে।গভর্নর জানান, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডি সুব্বারাও নেপালের বৈঠকে এই তহবিল গঠনের ঘোষণা দেন। তবে এ বিষয়ে এখনো আলোচনা শেষ হয়নি। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আগামী বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হবে।আতিউর রহমান বলেন, বাংলাদেশ চাইলে বা দেশের প্রয়োজন দেখা দিলে সমঝোতা চুক্তি (এমওইউ) করে এখান থেকে ঋণসুবিধা নিতে পারবে।গভর্নর দাবি করেন, নানা ধরনের চাপের মধ্যে থাকলেও এখন দেশের অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে। প্রতি দশকে এ দেশের অর্থনীতি দ্বিগুণ হচ্ছে। মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। আগামী জুন শেষে ১২ মাসের গড় মূল্যস্ফীতি এক অঙ্কে নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয়ের ঘটিয়ে এটা সম্ভব হচ্ছে বলে গভর্নর মত প্রকাশ করেন।