লেনদেন ১১ শ কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ রোববার চাঙাভাবের মধ্যে লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আজ এক হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন হয়েছে ১১৮ কোটি টাকার। একই সঙ্গে দু্ই বাজারের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকের উল্লম্ফন লক্ষ করা গেছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ আর্থিক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেশি বেড়েছে। এর প্রভাব সার্বিক লেনদেনের ওপর পড়েছে। এ ছাড়া নতুন করে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হচ্ছেন। এটাও লেনদেন বাড়ার অন্যতম একটা কারণ।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে সব কটির দাম বেড়েছে। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতের ২২টির মধ্যে ২০টির এবং বিমা খাতের ৪৫টির মধ্যে ৩৭টির দাম বেড়েছে। অন্য খাতগুলোয় মিশ্র অবস্থা দেখা গেছে।আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৩৪ পয়েন্ট বেড়ে ৪৫৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭১টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ২০২টির দাম বেড়েছে, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে এক হাজার ১৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৪০ কোটি টাকা বেশি। এ হিসাবে আজকের লেনদেন গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৫ এপ্রিল ডিএসইতে এক হাজার ২০১ কোটি টাকার লেনদেন হয়েছিল।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, সায়হাম কটন, বিএসসিসিএল, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, আরএন স্পিনিং, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফিন্যান্স প্রভৃতি।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ৪১৭ পয়েন্ট। সিএসইতে আজ মোট ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টির দাম বেড়েছে, কমেছে ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১১৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২১ কোটি টাকা বেশি।