লেনদেনের সময় এগিয়ে আনতে সম্মত এসইসি
দেশের দুই স্টক এক্সচেঞ্জে (ঢাকা ও চট্টগ্রাম) লেনদেনের সময়সূচি আধা ঘণ্টা এগিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। তবে এ ক্ষেত্রে ব্যাংকসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে পরামর্শ করে সময় নির্দিষ্ট করতে বলেছে এসইসি। লেনদেনের সময়সূচি এগিয়ে আনার ব্যাপারে দুই স্টক এক্সচেঞ্জের আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা এই সিদ্ধান্ত জানিয়েছে।দুই স্টক এক্সচেঞ্জ ও এসইসি সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ চট্টগ্রামে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়সূচি আধা ঘণ্টা কমিয়ে আনার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বিনিয়োগকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং জোহরের নামাজ ও দুপুরের খাবারের কথা বিবেচনা করে লেনদেনের নতুন সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নির্ধারণের ব্যাপারে দুই স্টক এক্সচেঞ্জ সম্মত হয়েছে। বর্তমানে দুই স্টক এক্সচেঞ্জে বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত লেনদেন চলে আসছে।সময়সূচি পরিবর্তনের বিষয়ে সম্মতি চেয়ে গত ১৭ এপ্রিল এসইসির কাছে লিখিত প্রস্তাব পাঠায় ডিএসই ও সিএসই। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসইসি সার্বিক দিক বিবেচনা করে এই সম্মতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার এসইসির পক্ষ থেকে এ বিষয়ে উভয় স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।এসইসির পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসীম বিল্লাহ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘ডিএসই কর্তৃক প্রেরিত পত্রের পরিপ্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে বর্ণিত বিষয়ে সমন্বিতভাবে সংশ্লিষ্ট সব পক্ষ বা স্টেক হোল্ডার, বিশেষ করে ব্যাংকের সঙ্গে আলোচনাপূর্বক স্টক এক্সচেঞ্জের অফিস ও ট্রেডিং সময়সূচি ১১টা থেকে আধা ঘণ্টা এগিয়ে সাড়ে ১০টা থেকে চালু করার পরামর্শ প্রদান করা হলো।’চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন এ ব্যাপারে প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি এ-সংক্রান্ত চিঠি এখনো পাইনি। চিঠি হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে’। এসইসির সূত্রে জানা যায়, এসইসির ৪৩১তম কমিশন সভায় এ বিষয়ে সার্বিক দিক আলোচনা করা হয়। দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে কমিশনের ওই সভায় সিদ্ধান্ত হয়। এ বিষয়ে কমিশনের কোনো আপত্তি থাকবে না।