লেনিন ও পুতিন: দূরপ্রাচ্যের দিকে অভিন্ন দৃষ্টি
ভ্লাদিমির ইলিচ লেনিন ও ভ্লাদিমির পুতিন—রাশিয়ার ইতিহাসে দুই প্রজন্মের দুই প্রভাবশালী নেতা। লেনিন কমিউনিস্ট। পুতিন পুঁজিবাদী। লেনিন সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন। আরেকজন সেই সোভিয়েত ভেঙে পুঁজিবাদী অর্থনীতির রাশিয়া গড়ে তুলছেন। তবে দুই নেতার একটি বিষয় অভিন্ন। তাঁরা দুজনই সংকটকালে রাশিয়ার হাল ধরেছেন। হয়তো এ কারণে দুই নেতার চিন্তায় কিছু মিল রয়েছে।তরুণ সোভিয়েত ইউনিয়নের বিকাশে লেনিন দৃষ্টি দিয়েছিলেন প্রাচ্যের দিকে। পূর্বাঞ্চলেই সম্ভাবনা খুঁজে পেয়েছিলেন তিনি। লেনিন নিশ্চিত জানতেন, ইউরোপের পুঁজিবাদী বড় দেশগুলো কখনো তাঁর কমিউনিস্ট রাষ্ট্রকে সুবিধা করতে দেবে না। এ জন্য পূর্বের দেশ ও শহরগুলোকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক পরিকল্পনা করেছিলেন তিনি।৫৯ বছর বয়সী পুতিনও দৃষ্টি ফিরিয়েছেন পূর্বের দিকে। তবে একটু হোঁচট খাওয়ার পর। ইউরোপের অর্থনীতি যখন মন্দায় হাবুডুবু খাচ্ছে, তখন রাশিয়ার অর্থনীতিকে বাঁচাতে দূরপ্রাচ্যের শহরগুলোকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা আঁটছেন পুতিন। লেনিনের পরিকল্পনা অনুসরণ করে, দূরপ্রাচ্যের অঞ্চলগুলোর বিকাশে নতুন এক অধিদপ্তর খোলার প্রস্তাব দিয়েছেন পুতিন।তবে পুতিন তাঁর পরিকল্পনা বাস্তবায়নে কতটা সফল হবেন, তা দেখার বিষয়। গতকাল রোববার থেকে রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভস্তকে শুরু হয়েছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহায়তা সংস্থা বা অ্যাপেকের সপ্তাহব্যাপী শীর্ষ সম্মেলন। এই আয়োজন সামনে রেখে শহরটিকে ঢেলে সাজানো হয়েছে। তৈরি হয়েছে নতুন দালান, ভবন, সেতু, পার্কসহ বিভিন্ন স্থাপনা। শহরটিতে নির্মিত হয়েছে দুটি বিশাল ঝুলন্ত সেতু। গোল্ডেন হর্ন উপসাগরের ওপরে যে সেতুটি, এর নাম জুলোটয় রগ ব্রিজ। ভ্লাদিভস্তকের শহর কেন্দ্রের সঙ্গে পাশের রুশকি দ্বীপের সংযোগকারী সেতুটির নাম ‘রুশকি আইল্যান্ড ব্রিজ’। এ সেতুটি এখন বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। বিপুল ব্যয় করে রুশকি দ্বীপ পর্যন্ত এ সেতুটি তৈরির কারণ, রুশকিই শীর্ষ সম্মেলনের স্থান। এ সম্মেলন নিয়ে দারুণ উত্সাহিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছে, সম্মেলনের মধ্য দিয়ে লেনিনের বহুপ্রতীক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়নের বিপ্লবী নেতা লেনিন তাঁর এক পরিকল্পনা সম্পর্কে বলেছিলেন, ‘আমাদের প্রস্তাব হলো উন্নত দেশের পুঁজি লন্ডন, মস্কো, ভ্লাদিভস্তক হয়ে বেইজিং পর্যন্ত এক অনন্য যোগাযোগ গড়ে তুলুক। আমরা সবাইকে বলতে চাই, এর মধ্য দিয়ে সাইবেরিয়ার বিশাল সম্পদভান্ডার সবার জন্য উন্মুক্ত হবে।’৯০ বছর পর রাশিয়ার সরকার আবার চোখ তুলে তাকিয়েছে দূরপ্রাচ্যের দিকে। এ দৃষ্টি অন্যান্য সরকারের মতো নয়, বরং লেনিনের পরিকল্পনার অনুসারী। বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান অঞ্চলের (চীন-জাপান-কোরিয়া) বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং দূরপ্রাচ্যের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জনপ্রিয়তা পেতে সরকান নতুন উদ্যোগ নিয়েছে।রাশিয়ায় কমিউনিস্ট বিপ্লবের এক বছর আগে অস্বাভাবিক দ্রুত গতিতে মস্কো থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত নয় হাজার ৩০০ কিলোমিটার রেলপথ তৈরির কাজ শেষ হয়েছিল। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ঘুরে এসে প্রশান্ত মহাসাগরের পারে সেরকম আরেকটি শহর তৈরির কাজে হাত দেন সোভিয়েত নেতা নিকিতা খ্রুশ্চেভ। ভ্লাদিভস্তককেই তিনি নতুন করে গড়ে তোলার চেষ্টা চালান। কিন্তু বিভিন্ন কারণে ওই পরিকল্পনা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। অ্যাপেক সম্মেলনের আগে, দূরপ্রাচ্যের শহরটিতে বিনিয়োগকারী এবং পর্যটকদের আকৃষ্ট করতে রাশিয়া এরই মধ্যে দুই হাজার ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। যেসব নাগরিক দারিদ্র্য, শঙ্কা আর দুর্নীতির কারণে শহরটি ছেড়ে যেতে চাইছিলেন, তাঁদের এ শহরে থেকে যেতে উত্সাহ দিচ্ছে সরকার। নতুন আশার বাণীর পাশাপাশি কিছু দৃশ্যমান কাজও করা হচ্ছে তাঁদের জন্য।ভ্লাদিভস্তক শহরটির বিশেষত্ব হলো নগর-পরিকল্পনা। ১৮৬০ সালে পত্তন হয়েছিল শহরটির। এটি এমনভাবে তৈরি, যা রাশিয়ার যেকোনো শহরের তুলনায় এটিকে আলাদা করে তুলেছে। নতুন নির্মিত সেতু দুটিও শহরটির চেহারায় নতুনত্ব এনে দিয়েছে। বাণিজ্যের নতুন সম্ভাবনাও দেখা দিয়েছে ছয় লাখ মানুষের শহরটির। এখানে নতুনভাবে তৈরি হয়েছে বিমানবন্দর, সেতু ও বাড়িঘর। এগুলো তৈরির কাজ পেয়েছিল স্থানীয় লোকজন। শহরবাসী বিভিন্ন কারণে পুতিনের ওপর খ্যাপা ছিল। গত নির্বাচনে ওই এলাকায় পুতিনের দল তৃতীয় হয়েছিল। শহরকেন্দ্রিক নতুন পরিকল্পনার কারণে পুতিনের জনপ্রিয়তার পালে হাওয়া লেগেছে এ বছর।জুলোটয় সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসে ২৮ বছর বয়সী জীববিজ্ঞানী এভজেনি সর্কিন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি মনে করি না এটা কেবল পুতিনের কৃতিত্ব। এই সেতুটি তৈরিতে বছরের পর বছর সময় লেগেছে।’ তবে সেতুটি নির্মাণে ৫০ কোটি ডলার পুতিনই বরাদ্দ করেছিলেন।ভ্লাদিভস্তক শহরের মেয়র ইগর পুস্কারিয়ভ তাই অনেক উল্লসিত। এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এখন থেকে আমাদের বাঁচা সার্থক হলো। আমরা সত্যিকারের এক ইউরোপীয় শহর নির্মাণ করেছি। এটাই এখন জগতের কেন্দ্র।’অথচ গত শতকের নব্বইয়ের দশকে শহরটির চেহারা এমন ছিল না। বিদ্যুত্সংকট ছিল তীব্র। অথচ এখন বিদ্যুত্সংকট একেবারেই নেই। নতুন স্থাপনাগুলোর বাতিতেও উজ্জ্বল থাকে শহরটি।৩৭ বছর বয়সী মেয়র বলেন, অ্যাপেকের সম্মেলনের পর তাঁদের নেতাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। তিনি বলেন, ‘আমরা এমন একটা যোগাযোগ খুঁজছিলাম। আমরা চাই এটা অব্যাহত থাকুক। মানুষ হিসেবে আমরা সুখী। এটা আমাদের অর্জন।’ তবে সবাই তাঁর মতো করে ভাবছেন না।ওই এলাকার পার্লামেন্ট সদস্য আর্টিয়ম সামসনোভ বলেন, কেউই খুব বেশি উল্লসিত নয়। কারণ, পুতিন ২০০৭ সালের নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন, শহর ছেড়ে চলে যাওয়া লোকের সংখ্যা কমবে, বেকারত্ব ঘুচবে। কিন্তু পাঁচ বছর পর এমন কিছু ঘটেনি। এখনো অনেক মানুষ শহরটি ছেড়ে চলে যাচ্ছে। তরুণেরা কাজ না পেয়ে বেকার থাকছেন। সরকার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না, অথচ ১০০ কোটি ডলার খরচ করে সেতু বানায়।চীনা ভাষার সাবেক শিক্ষক কনস্তানতিন বভদিক অনেক দিন আগে তাঁর কাজ ছেড়ে দিয়ে জুলোটয় রগ ব্রিজে কাজ নিয়েছিলেন মাসিক এক হাজার ৯০০ ডলার বেতনে। সেতু তৈরি শেষ হওয়ায় তাঁর অবসরে যাওয়ার সময় হয়েছে। তিনি বলেন, ‘বেশ। সেতু নির্মাণ শেষ। শীর্ষ সম্মেলনও কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর অর্থনৈতিক মন্দা আমাদের জীবনের ওপর আরও বেশি করে চেপে বসবে।’ তিনি বলেন, ‘সব অর্থ মস্কোয় চলে যাবে। সেখান থেকে লন্ডনে পাচার হবে। প্রথমে ওরা সব লুটে নেয়, এরপর আমাদের মাথা মুগুর পেটা করে। এটা একটা পুলিশরাষ্ট্র ছাড়া আর কিছু নয়।’ওই অঞ্চলের আরেকটি দুর্নাম হলো সরকারি কাজে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বিষয়ে। প্রাইমোরি অঞ্চলের বর্তমান গভর্নর ভ্লাদিমির মিকলুশ্চেভস্কি। তাঁর আগে যিনি গভর্নর ছিলেন, দুর্নীতির অভিযোগে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। মিকলুশ্চেভস্কি বলেন, বর্তমান প্রশাসনের প্রধান দায়িত্ব হলো জনগণের আস্থা অর্জন করা। রুশকি দ্বীপের ফার ইস্টার্ন ফেডারেল ইউনিভার্সিটির শিক্ষক কুর্জনেতসভ বলেন, ‘এশিয়া অঞ্চলের দুয়ার হিসেবে ভ্লাদিভস্তকের পত্তন হয়েছিল। এরপর এল বিপ্লব, গৃহযুদ্ধ, সোভিয়েত শাসন। যখন আমি এ অঞ্চলের গভর্নর হলাম, আমার প্রধান দায়িত্ব ছিল শহরটিকে সবার জন্য উন্মুক্ত করে তোলা। ওটা ছিল দ্বিতীয় প্রচেষ্টা। কিন্তু সেটা ব্যর্থ হয়েছিল। অ্যাপেক ফোরামের শীর্ষ সম্মেলন হলো তৃতীয় সুযোগ। দেখা যাক, কী হয়।’