লেনিনের ভাস্কর্য সরানো হলো
কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেনিনকে ‘খুনি’ আখ্যায়িত করে মঙ্গোলিয়ার রাজধানী উলান-বাতোর থেকে তাঁর সর্বশেষ ব্রোঞ্জের ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। বিবিসি অনলাইনে গতকাল সোমবারের খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়েছে, নগরের মেয়র বাত-উল এরদেনের উপস্থিতিতে উত্তোলক যন্ত্র দিয়ে ভাস্কর্যটি মূল বেদি থেকে একটি লরিতে উঠিয়ে সরিয়ে নেওয়া হয়। ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার আয়োজন দেখতে প্রায় ৩০০ লোক উপস্থিত ছিল। এদের কেউ কেউ এ সময় ওই নেতার প্রতি ক্ষোভ প্রকাশ করে। ১০ মিনিটের ভাষণে মেয়র বাত-উল এরদেন বলেন, লেনিন ও তাঁর সমর্থক কমিউনিস্টরা ‘খুনি’। মঙ্গোলিয়ার মানুষ কমিউনিস্টদের হাতে দুর্ভোগের শিকার হয়েছে। তবে সেই সময় পার করে তারা একটি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পেরেছিল। তিনি জানান, ভাস্কর্যটি নিলামে তোলা হবে। নিলামে এর দর ২৮০ মার্কিন ডলার থেকে শুরু হবে। রাশিয়ার প্রতিবেশি দেশ মঙ্গোলিয়ায় ১৯৯০ সালে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার সাধিত হয়। এর আগের কয়েক দশক ভ্লাদিমির লেনিন ‘শিক্ষক লেনিন’ হিসেবে মঙ্গোলিয়ার বিদ্যালয়গামী শিক্ষার্থীদের কাছে পূজনীয় ছিলেন।ভ্লাদিমির লেনিন ১৯২৪ সালে মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে নির্মিত বহু ভাস্কর্য এখনো রাশিয়াসহ সাবেক সোভিয়েত দেশগুলোতে শোভা পায়।