লেনিনের মরদেহ সমাহিত করা নিয়ে কোনো তাড়া নেই: পুতিন
রাশিয়ার কমিউনিস্ট বিপ্লবের নেতা ভ্লাদিমির লেনিনের মরদেহ মস্কোর রেড স্কয়ার থেকে সরানোর আপাতত কোনো পরিকল্পনা দেশটির নেই বলে জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, লেনিনের মমি করা দেহ যুগ যুগ ধরে রাশিয়ানদের অনুপ্রেরণার উৎস, তাই এটি এখনই সরিয়ে ফেলা উচিত হবে না। খবর রয়টার্সের।আশির দশক থেকেই মস্কোর রেড স্কয়ার থেকে লেনিনের মরদেহ সরিয়ে ফেলে তা কবরস্থ করার দাবি ওঠে। কিন্তু কমিউনিস্ট শাসনামলে তো নয়ই, ১৯৯১ সালে কমিউনিস্ট শাসনের পতনের পরও রাশিয়ার কোনো সরকার রেড স্কয়ার থেকে লেনিনের মরদেহ সরিয়ে ফেলার বিষয়টি চিন্তা করেনি। লেনিনের ওই মরদেহটির সঙ্গে রাশিয়ার লাখ লাখ কমিউনিস্ট-সমর্থকের আবেগ জড়িয়ে থাকায় রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় কোনো সরকারই এ ব্যাপারে পদক্ষেপ নেয়নি।লেনিনের মরদেহ সমাহিত করা নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের মুখে ভ্লাদিমির পুতিন বলেন, ইতিহাস, ইতিহাসই। একে আপন গতিতে চলতে দেওয়া উচিত। তিনি আরও বলেন, রাশিয়ায় এমন একটি সময় আসবে, যখন রাশিয়ার জনগণই সিদ্ধান্ত নেবে, বিপ্লবের মহান নেতা লেনিনের মরদেহ মমিকৃত অবস্থায় রেড স্কয়ারে থাকবে, নাকি তাঁকে সমাহিত করা হবে। এ নিয়ে তাড়াহুড়ার কিছু নেই।প্রধানমন্ত্রী পুতিন রাশিয়ার কমিউনিস্ট জামানায় দেশটির বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থা কেজিবির একজন এজেন্ট হিসেবে কাজ করতেন। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর সোভিয়েত আমলের জাতীয় সংগীত পুনর্বহাল করেন। এর পাশাপাশি তিনি কমিউনিস্ট সময়ের ঐতিহ্যবাহী পরমাণু ক্ষমতাধর ক্ষেপণাস্ত্র নিয়ে কুচকাওয়াজের রীতিও পুনঃপ্রচলন করেন। কমিউনিস্ট শাসনের সময় রাশিয়ায় বিভিন্ন জাতীয় দিবসে মস্কোর রেড স্কয়ারে পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ে কুচকাওয়াজের রীতি প্রচলিত ছিল।১৯৯১ সালে কমিউনিস্ট শাসনের পতনের ফলে বিশাল রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়াকে বিংশ শতাব্দীর অন্যতম ভৌগোলিক দুর্যোগ হিসেবে মনে করা হয়। এর ফলে বিশ্বে শক্তির ভারসাম্য অনেকটাই ধ্বংস হয়ে যায় বলে বিশ্লেষকেরা মনে করেন।