লেন্ডলের গলফ পরিবার
জীবনটাই এমন। কখন কোন বাঁকে পড়ে জীবনের পথচলাটা কোন রাস্তা ধরে, বলার উপায় নেই! জীবনের এই খেলাটা খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গেই যেন খেলা করে জমিয়ে। ক্রিকেটার হবেন বলে লক্ষ্য ঠিক করেও স্রোতের উল্টো টানে ফুটবলার হয়েছেন, এ রকম উদাহরণ যেমন ভূরি ভূরি, তেমনি ফুটবল ছেড়ে টেনিস, টেনিস থেকে গলফে ছুটেছেন—খোঁজ করলে এমন দৃষ্টান্তেও খাতা ভরে উঠবে।তবে টেনিস কিংবদন্তি ইভান লেন্ডলের ঘটনাটা একটু আলাদা। এই যে দুনিয়াজোড়া খ্যাতি, যশ, সম্মান—সবই টেনিসের কল্যাণে। টেনিস খেলেই তিনি বিশ্বসভায় বসেছেন। আটটি গ্র্যান্ড স্লাম-জয়ী লেন্ডলকে এখনো মানুষ একজন টেনিস চ্যাম্পিয়ন হিসেবেই মনে রেখেছে। কিন্তু টেনিসের সেই লেন্ডল এখন গলফার।গলফ খেলার জন্য বয়স কোনো বিষয় নয়, অনেক শৌখিন মানুষই শখের বশে গলফ খেলে থাকে। কিন্তু স্রেফ শখ মেটাতে নয়, গলফে আলাদা একটা দুনিয়াই তৈরি করে নিয়েছেন লেন্ডল। নিজে ডুব দিয়েছেন, মেয়েদেরও গলফে আসতে সহায়তা করেছেন। শুনলে অবাকই হবেন, পাঁচ মেয়ের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে যুক্তরাষ্ট্রের জুনিয়র পর্যায়ে বিভিন্ন গলফ প্রতিযোগিতায় অংশ নেওয়ার। বড় তিন মেয়ে—মারিকা, ইসাবেল ও ড্যানিয়েলা এখনো গলফে আছেন। ক্যারোলিন, নিকোলাও বড় তিন বোনের পথে হাঁটতে শুরু করেও শেষ পর্যন্ত বেছে নিয়েছেন ইক্যুয়েস্ট্রিয়ান।লেন্ডলের ইচ্ছাতেই গলফকে ধ্যান-জ্ঞান করেন তাঁর মেয়েরা। সময়-সুযোগ হলেই মেয়েদের সঙ্গে গলফ নিয়ে আড্ডা জমিয়ে তুলতেন লেন্ডল। ব্যাপারটা মেয়েদের মনোজগতে কতটা প্রভাব ফেলে, সেটা এই একটা তথ্যেই যথেষ্ট—সবার ছোট্ট যে মেয়েটি, সেই নিকোলাও একবার প্রতিজ্ঞা করেছিলেন, একদিন না একদিন ক্লাব হাতে হারিয়ে দেবেন বাবাকে।একটা সময়ে তো বাবা লেন্ডলের সঙ্গে মেয়েদের কথা বলার প্রসঙ্গই থাকত গলফ। যেমনটা বললেন ইসাবেল, ‘আগে প্রতিদিনই গলফ নিয়ে কথা বলতাম আমরা।’ এই ইসাবেল ২০০৬ সালেই জেতেন তিন তিনটি জুনিয়র টুর্নামেন্টের শিরোপা। ওই বছর জুনিয়র পর্যায়ে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সেরা গলফারের স্বীকৃতিও পেয়ে যান তিনি।ইভান লেন্ডলের গলফে মজে যাওয়ার পেছনে একটা গল্পও আছে। টেনিস ছাড়ার পর গলফই জীবন হয়ে উঠবে, এমনটা পরিকল্পনাতেই ছিল না তাঁর। ১৯৯৮ সালে নেহাত শখ করেই খেলতে নেমেছিলেন শৌখিন এক গলফ প্রতিযোগিতায়। প্রতিভা থাকলে যা হয় আর কি! কোনো বিশেষ প্রশিক্ষণ-প্রস্তুতি ছাড়াই লেন্ডল সে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন! ব্যস, শুরু হয়ে গেল তাঁর গলফ-জীবন।আমাদের সাধারণ একটা ধারণা—যাঁরা গলফ খেলেন, তাঁরা অনেক টাকার মালিক কিংবা খুবই সচ্ছল পরিবারের সদস্য। এই ধারণার সঙ্গে মিলিয়ে ফেলা যায় লেন্ডলকেও। তিনি কোটিপতি ব্যবসায়ীও।১৯৬০ সালের ৭ মার্চ, চেকোস্লোভাকিয়ার (বর্তমানে চেক প্রজাতন্ত্র) অস্ট্রাভার এক টেনিস পরিবারে জন্ম লেন্ডলের। বাবা-মা দুজনেই ছিলেন চেকোস্লোভাকিয়ার শীর্ষ পর্যায়ের টেনিস খেলোয়াড়। এমন পরিবারে জন্ম নেওয়া এক ছেলের টেনিসে আকৃষ্ট হওয়াটাই স্বাভাবিক। বাবা-মায়ের অনুপ্রেরণায় হলেনও তা-ই। তবে টেনিস তাঁকে যেমন এনেছে বিশ্বখ্যাতির চূড়ায়, তেমনি করেছে দেশছাড়াও! গ্রিনকার্ড নিয়ে ১৯৮৭ সালে চেকোস্লোভাকিয়া ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে আসেন লেন্ডল। ১৯৯২ সালে পেয়ে যান মার্কিন নাগরিকত্ব। আজ তিনি আপাদমস্তক মার্কিন। তবে বেশি করে ‘গলফের বাবা’। খলিলুর রহমান