লেবাননে আহমাদিনেজাদকে বীরোচিত সংবর্ধনা
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আজ বুধবার দুই দিনের সফরে লেবানন পৌঁছেছেন। লেবাননের বিমানবন্দরসহ রাজপথে হাজার হাজার শিয়া মুসলমান আহমাদিনেজাদকে বীরোচিত সংবর্ধনা দিয়েছেন।মাহমুদ আহমাদিনেজাদের আগমন উপলক্ষে শিয়া মুসলমানেরা লেবাননের বৈরুত বিমানবন্দর থেকে দেশটির প্রেসিডেন্ট সুলাইমানের বাসভবন পর্যন্ত রাস্তার দুই পাশে সারি করে দাঁড়ান। রাস্তার দুই ধারে অবস্থানরত সারিবদ্ধ জনতা ফুল ও চাল ছিটিয়ে তাঁকে অভিবাদন জানান। এ সময় আহমাদিনেজাদ তাঁর গাড়ির উন্মুক্ত ছাদ থেকে অভিবাদনের জবাব দেন।আহমাদিনেজাদের আগমন উপলক্ষে লেবাননের রাস্তার দুই ধারে ইরানের পতাকা, অভিবাদনসূচক ব্যানার, বেলুন ও আহমাদিনেজাদের ছবি সংবলিত পোস্টার টানানো হয়। এ ছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয়নেতা আয়তুল্লাহ আলী খামেনি ও ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়তুল্লাহ রুহুল্লাহ খোমেনির ছবিও টানানো হয়।তবে পশ্চিমারা আহমাদিনেজাদের লেবানন সফরকে মোটেও ভালোভাবে দেখছে না। তারা এই ভেবে ভীত হয়ে পড়েছে, লেবাননে ইরানের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আহমাদিনেজাদের লেবানন সফর ওয়াশিংটনের মধ্যে অস্বস্তির জন্ম দিয়েছে। পরমাণু কার্যক্রম থেকে ইরানকে নিভৃত করতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর এবং এ নিয়ে তারা ইরানের ওপর কয়েক দফা অবরোধ আরোপ করেছে। ওয়াশিংটন বলছে, হেজবুল্লা জঙ্গিদের প্রতি ইরানের সমর্থন লেবাননের সার্বভৌত্বকে দুর্বল করে তুলবে।-বিবিসি, রয়টার্স।