লেবাননে জাতিসংঘ শান্তিমিশনে যাচ্ছে দুই যুদ্ধজাহাজ
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের দুটি যুদ্ধজাহাজ। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, ইউনিফিলে (ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম ফোর্স ইন লেবানন) অংশ নিতে কাল সোমবার চট্টগ্রাম নৌবন্দর ছাড়বে বিএনএস ওসমান ও বিএনএস মধুমতি।এর মাধ্যমে এই প্রথম দক্ষিণ এশিয়ার কোনো দেশের যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা কাজে যোগ দিচ্ছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান চট্টগ্রামের নিউ মুরিং নৌঘাঁটিতে উপস্থিত থেকে নৌবাহিনীর জাহাজ দুটিকে বিদায় জানাবেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিফিলে যোগদান করা বাংলাদেশ ও নৌবাহিনীর জন্য গর্বের বিষয়। এর ফলে একদিকে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হবে। অন্যদিকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে। পাশাপাশি এটি জাতিসংঘের অন্যান্য শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর যোগদানের পথ সুগম করবে।