লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি গতকাল শুক্রবার পদত্যাগ করেছেন। গতকাল বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।নির্বাচন পরিচালনার বিষয়ে আইন প্রণয়নে পার্লামেন্টের ব্যর্থতা এবং পুলিশপ্রধানের চাকরির মেয়াদ বাড়াতে মন্ত্রিসভার অস্বীকৃতির প্রতিবাদে পদত্যাগ করেছেন মিকাতি।গতকাল টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে মিকাতি বলেন, তাঁর পদত্যাগের ফলে উদ্ভূত সমস্যার সমাধানে দেশটির রাজনীতিবিদেরা বাধ্য হবেন।মিকাতি বলেন, ‘আজ আমি আমার সরকারের পদত্যাগ ঘোষণা করছি। আশা করছি, আল্লাহর ইচ্ছায় আমার এই পদক্ষেপ লেবাননের প্রধান রাজনৈতিক দলগুলোর তাদের দায়িত্ব অনুধাবন করতে বাধ্য করবে।’মিকাতি আরও বলেন, লেবাননের প্রতি অনুগত থাকতে এবং দেশকে রক্ষায় আলোচনার কোনো বিকল্প নেই। আলোচনার মধ্য দিয়ে লেবাননের সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারী একটি সরকার গঠন করতে হবে এবং ওই সরকারকেই এই জাতি রক্ষার দায়িত্ব নিতে হবে।সাম্প্রদায়িক রাজনীতি ও সিরিয়া যুদ্ধ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানের কারণে লেবাননে কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। সম্প্রতি নির্বাচন পরিচালনার বিষয়ে আইন প্রণয়নে দেশটির পার্লামেন্ট ব্যর্থ হয়। এ ছাড়া, হেজবুল্লাহ নিয়ন্ত্রিত মন্ত্রিসভা দেশটির পুলিশপ্রধানের চাকরির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানানোয় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মিকাতি পদত্যাগের ঘোষণা দিলেন। মিকাতির পদত্যাগের ফলে লেবাননে বিদ্যমান রাজনৈতিক অবস্থার আরও অবনতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, নির্বাচন পরিচালনার বিষয়ে শিগগিরই আইন প্রণয়ন করতে না পারলে লেবাননের পার্লামেন্ট নির্বাচন বিলম্বিত হতে পারে। চলতি বছরের জুনে সেখানে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা।