লেবার পার্টির চেয়ারম্যান ইরান আটক
১৮ দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানকে আজ রোববার সকাল সোয়া সাতটার দিকে আটক করেছে পুলিশ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার সময় পুলিশ তাঁকে আটক করে।পল্টন থানা পুলিশ জানায়, মোস্তাফিজুর রহমান ইরানকে পল্টন থানায় রাখা হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিএনপির সভাপতি ইলিয়াস আলীকে ফেরত না পাওয়ায় বিএনপি আজ রোববার ও কাল সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। গতকাল শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।ইলিয়াস আলীকে ফেরত দিতে বিএনপির চার দিনের বেঁধে দেওয়া সময় গতকাল শেষ হয়। তবে এই সময়ের মধ্যে ইলিয়াস আলীর কোনো খোঁজ পাওয়া যায়নি।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২৪ এপ্রিল তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নিখোঁজ হওয়া সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলীকে ফেরত দিতে শনিবার পর্যন্ত সময় বেঁধে দেন। এর আগে ২২, ২৩ ও ২৪ এপ্রিল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি।ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার ১৭ এপ্রিল মধ্য রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন। বিএনপির অভিযোগ, সরকারই ইলিয়াসকে গুম করেছে।