লেভেল প্লেইং ফিল্ড দিন, খেলা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ১০টির বেশি আসন পাবে না—প্রধানমন্ত্রীর যদি এ বিশ্বাস থাকে তাহলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্বঘোষিত এক বিক্ষোভ সমাবেশ থেকে আজ রোববার প্রধানমন্ত্রীর প্রতি এই আহ্বান জানান। প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোট, ঢাকা মহানগর ওই সমাবেশের আয়োজন করে। প্রধানমন্ত্রী গতকাল এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘বিরোধীদলীয় নেত্রী এখন বলছেন, আগামী নির্বাচনে ১০টি আসনও নাকি পাব না। জানি না, এটা আবার তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে যায় কি না।’প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এমনই যদি হবে, তবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। লেভেল প্লেইং ফিল্ড দিন। খেলা হোক। দেখা যাক কে জেতে। মানুষ সে খেলা দেখতে চায়।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ৯১ সালেও শেখ হাসিনা কলকাতায় বলেছিলেন, বিএনপি ১০টির বেশি আসন পাবে না। সেবার বিএনপি সরকার গঠন করেছিল। বিএনপি আসন বণ্টন করে না। জনগণের আস্থায় বিশ্বাস করে।ফখরুলের অভিযোগ, প্রতিটি ক্ষেত্রে সরকার দুর্নীতি করছে। দেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। কিন্তু সরকারের সেদিকে কোনো নজর নেই।মির্জা ফখরুল বলেন, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে প্রথম আলো ও ডেইলি স্টার সংবাদ প্রকাশ করেছে। সরকার বলছে, তারা মিথ্যা লিখেছে। তাদের (সরকার) পক্ষে লিখলে এ দুটি পত্রিকা ভালো থাকে, আর বিপক্ষে লিখলে খারাপ হয়ে যায়।এদিকে বিএনপির সহযোগী সংগঠনগুলোর কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ২৮ জুন বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর বিএনপি। মহানগর বিএনপির সদস্যসচিব এম এ সালাম এই কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আবদুল মঈন খান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।