লো-স্কোরিং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৬ রানে হারালো জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ক্রিকেটে এ রকম লো-স্কোরিং ম্যাচ বেশ বিরল। গতকাল ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের মধ্যে এমনই এক ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ১০৫ রানে অলআউট হয়ে ওয়েস্ট ইন্ডিজকে শেষ করে দিয়েছে ৭৯ রানেই। ক্যারিবীয় মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমনই এক অভাবনীয় জয় জিম্বাবুয়েকে অনেক দিন পর ক্রিকেট বিশ্বে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে। টসে জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নিজেদের আর দশটা ম্যাচের মতো প্রাথমিক বিপর্যয়েই পড়েছিল। তবে গতকালের বিপর্যয়ের ধরনটাকে অভাবনীয় বললেও কম বলা হয়। স্কোর বোর্ডে কোনো রান যোগ না করেই দলের প্রথম তিনজন ব্যাটসম্যান নেই। এমন একটি পরিস্থিতিতে একাই যেন দলের দায়িত্ব কাঁধে তুলে নেন হ্যামিল্টন মাসাকাদজা। এক প্রান্ত আগলে রেখে অপর প্রান্তের আসা-যাওয়া দেখতে দেখতে নিজের সংগ্রহ দাঁড় করান ৪৪। মাসাকাদজার সঙ্গে এক সার্থক জুটি গড়েন এল্টন চিগুম্বুরা। তাঁর সংগ্রহ ৩৪। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ড্যারেন স্যামি ২৬ রানে নেন ৫ উইকেট। এ ছাড়া সুলেমান বেন ৪ উইকেট তুলে নেন মাত্র ৬ রানের বিনিময়ে। মূলত এই দুই ক্যারিবীয় বোলারের কাছেই অসহায়ভাবে আত্মসমর্পণ করেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য দরকার ১০৬ রান, এমন একটা সমীকরণ নিয়ে দলটা যে শেষ পর্যন্ত হেরে যাবে, তা বোধ করি ভাবেননি নিতান্ত নিরাশাবাদীও। যদিও ওয়েস্ট ইন্ডিজ দলে শিবনারায়ণ চন্দরপাল বাদে অভিজ্ঞ খেলোয়াড়েরা কেউ ছিলেন না। তবুও ক্রিকেটে ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অতীতে আর কোনো দল তাসের ঘরের মতো ধসে পড়েছে, তা গবেষণার বিষয় হতে পারে ক্রিকেট গবেষকদের। গতকাল পোর্ট অব স্পেনের মাঠে মঞ্চায়িত হয়েছে তেমনই এক নাটক। মূলত জিম্বাবুয়ের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ক্যারিবীয় সংগ্রহ শিবনারায়ণ চন্দরপালের। তিনি ২০ রান করেন। জিম্বাবুয়ের ক্রেমার ১১ রানে ৩টি এবং ল্যাম্ব ১৪ রানে ২টি উইকেট দখল করেন। দীনেশ রামদিন ২৩ রানে অপরাজিত থাকলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত লড়াইটা হলো দুই দলের সর্বনিম্ন টি-টোয়েন্টি ইনিংসের মধ্যে। সেখানে জিম্বাবুয়ের চেয়ে ওয়েস্ট ইন্ডিজ ২৬ রানে পিছিয়ে। সংক্ষিপ্ত স্কোর জিম্বাবুয়ে ১০৫ (১৯.৫ ওভার)মাসাকাদজা ৪৪, চিগুম্বুরা ৩৪স্যামি ৫/২৬, সুলেমান বেন ৪/৬ওয়েস্ট ইন্ডিজ ৭৯/৭ (২০ ওভার) চন্দরপাল ২০, রামদিন ২৩ক্রেমার ৩/১১, ল্যাম্ব ২/১৪জিম্বাবুয়ে ২৬ রানে জয়ী