লোক ডেকে মানববন্ধন, টাকা দেওয়ার সময় হাতাহাতি-মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরারে প্রথম আলোর কথা কইয়া আনা অইছিল। আইয়া দেখি উল্টা। আগে জানলে আইতাম কি না, ভাবতাম। পার্টির অন্যরাও আছিল বলে আমিও থাকছিলাম। ভাই, আমরা কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে না।’ গতকাল শুক্রবার সকালে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভুঁইফোড় সংগঠন ‘জাতীয় সংবাদপত্র পাঠক ফোরাম, সিলেট শাখা’র নামে আয়োজিত মানববন্ধনে যোগ দেওয়া জাতীয় মহিলা পার্টির নগর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রুনা বেগম এ কথা বলেন।একইভাবে দলীয় কর্মীদের নিয়ে জাতীয় মহিলা পার্টির আরেক নেত্রী নাহিদা আক্তার চৌধুরী মানববন্ধনে এসে বলেন, ‘আমরা তো মহাজোট সরকারে আছি। আমাদের বলা হয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মানববন্ধন হবে। গিয়ে দেখি অন্য বিষয়। এর পরও গিয়েছি যখন, তাই সময় কাটিয়ে এলাম।’দেখা গেছে, মানববন্ধনে যোগ দেওয়া অধিকাংশই জাতীয় পার্টির মহিলা শাখার নেত্রী ও কর্মী। মানববন্ধনে মূল ব্যানারের সঙ্গে একটু দূরত্বে বিকশিত নারী নেটওয়ার্ক, ছোঁয়া আত্মকর্মসংস্থান ও হাঙ্গার প্রজেক্টের ব্যানার নিয়ে ২৫ জনের মতো নারী দাঁড়িয়ে ছিলেন। মানববন্ধনে যোগ দেওয়া কর্মীদের খাবার ও টাকা দেওয়া হয়। এ সময় টাকা ভাগাভাগি নিয়ে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। রুমি নামের এক তরুণী জানান, তাঁর বাসা নগরের শাহী ঈদগাহ এলাকায়। প্রথম আলোর মানববন্ধন বলে তাঁকে নিয়ে আসা হয়েছে। মানববন্ধন শেষে তিনি জেনেছেন প্রথম আলোর বিরোধিতার কথা। এঁদের আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের জনপ্রতি ৫০ থেকে ১০০ টাকা করে দেওয়া হয়েছে। তবে মানববন্ধন শেষে টাকা কম-বেশি দেওয়া নিয়ে শেষে হাতাহাতি ও মারামারির ঘটনায় জাতীয় মহিলা পার্টির এক নেত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।সংবাদপত্র পাঠক ফোরাম কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জহিরুল হকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা-পর্ব সঞ্চালনা করেন ইউসুফ বাবুল। নির্ধারিত ১০ থেকে ১২ জন বক্তা তখন বক্তব্য দেন। শেষে প্যাকেটে করে খাবার বিতরণ করা হয়। এর পরপরই জাতীয় পার্টির মহিলা নেত্রীদের সঙ্গে থাকা কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ ঘটনা সম্পর্কে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মানববন্ধন শেষে জাতীয় মহিলা পার্টির নেত্রীদের মাধ্যমে উপস্থিত নারী কর্মী-সমর্থকদের মধ্যে সমুচা ও মিষ্টি বিতরণ করা হয়। খাওয়া শেষে শহীদ মিনারের উত্তর দিকে জড়ো হয়ে থাকা নারী ও পুরুষ কয়েকজনের জটলায় ‘এক টাকা কম দিলে মানতাম নায়...!’ বলে উচ্চ স্বরে তর্কাতর্কি শুরু করেন জাতীয় মহিলা পার্টির কয়েকজন কর্মী। এ সময় তাঁদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। তখন সেখানে গিয়ে দেখা যায়, ২০ ও ১০ টাকার নোট নিয়ে কয়েকজনের মধ্যে টানাটানি করতে। প্রথম আলোর আলোকচিত্রী ছবি তুলতে গেলে মানববন্ধনের আয়োজকদের সঙ্গে থাকা একজন ফটোসাংবাদিক বারবার বাধা দেন। এ সময় হাতাহাতি-মারামারিতে জাতীয় মহিলা পার্টির স্থানীয় নেত্রী শিউলি আহত হন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা সম্পর্কে সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে শিউলি আক্তার জানান, তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। মারামারির কারণ জানতে চাইলে শিউলি বলেন, ‘ভাই, আমার অবস্থা খুব খারাপ। পরে আপনারে বিস্তারিত বলব।’ কী দাবিতে মানববন্ধনে অংশ নিলেন? জানতে চাইলে তিনি শুধু ‘জানি না’ বলে ফোন কেটে দেন।তবে মারামারির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন আয়োজকদের একজন। তাঁর দাবি, অনুষ্ঠান শেষে শুধু খাবার দেওয়া হয়েছে। আর কিছু দেওয়া হয়নি।সংবাদপত্র পাঠক ফোরামের সদস্যসচিব পরিচয়দানকারী ইউসুফ বাবুল টাকা নিয়ে মারামারি হওয়ার ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি দাবি করেন, এটি মানববন্ধনের পর হয়েছে। তাই এ বিষয়ে কথা বলবেন না।মানববন্ধন চলাকালে বক্তব্যে প্রথম আলোর সম্পাদক ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় জড়িত বলে দাবি করা হয়। বক্তারা বলেন, প্রথম আলোর লাগাম এখনই টেনে ধরা না গেলে এ দেশে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে। কারণ প্রথম আলো সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলীর বিরুদ্ধেও প্রথম আলো অপপ্রচার চালাচ্ছে।’প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানাধীন দুটি পত্রিকার সাংবাদিকদের এই আয়োজনের সঙ্গে সক্রিয় দেখা গেছে। মানববন্ধনে অংশ নেওয়া একাধিক নারী কর্মী প্রথম আলোকে একজন সাংবাদিকের নামও বলেন। ওই সাংবাদিক অবশ্য নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন।প্রসঙ্গত, ঢাকা ও আরও কয়েকটি জেলা শহরে একই ধরনের মানববন্ধন করা হয়েছে। এ কর্মসূচির আয়োজক সংগঠন, উদ্দেশ্য ও বক্তব্য অভিন্ন।