লোক দেখানো কাউন্সিলে চাপিয়ে দেওয়া নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের চার সহযোগী সংগঠনের কাউন্সিল হলেও কাউন্সিলর বা প্রতিনিধিদের ভোটে নেতা নির্বাচন করা হয়নি। নেতা-কর্মীদের অভিযোগ, লোক দেখানো কাউন্সিল করে মূলত ওপর থেকে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়েছে।প্রায় এক দশক পর চলতি মাসে আওয়ামী লীগের চার সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও জাতীয় শ্রমিক লীগের কাউন্সিল হয়। শ্রমিক লীগ ছাড়া এখনো অন্য তিন সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগে মোটামুটি পুরোনো নেতৃত্বই বহাল রাখা হয়েছে। শ্রমিক লীগের নেতৃত্ব পরিবর্তন হলেও এতে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করার যায়নি বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।যুবলীগের চেয়ারম্যান পদে ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে হারুন অর রশীদকে মনোনয়ন দেওয়া হয়েছে। ওমর ফারুক চৌধুরী গত তিন বছর চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। হারুন অর রশীদও আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। দুজনই পুরোনো নেতা হলেও কাউন্সিলররা চেয়ারম্যান পদে চেয়েছিলেন সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজমকে। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে এই দাবিতে বিক্ষোভও করেন কাউন্সিলররা। পরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে কয়েকজন নেতা বৈঠক করে নির্বাচন করেন এবং তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।অবশ্য যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, সবাইকে সমন্বয় করে আবেগতাড়িত নয়, বিবেকতাড়িত হয়ে কমিটি করা হয়েছে।স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে মোল্লা আবু কাউছার ও সাধারণ সম্পাদক পদে পঙ্কজ দেবনাথকে মনোনয়ন দেওয়া হয়েছে। সভাপতি হিসেবে মোল্লা কাউছার এর আগে তিন বছর এবং সাধারণ সম্পাদক পদে পঙ্কজ দেবনাথ সাড়ে নয় বছর ধরে ছিলেন। এঁদেরই আবার একই পদে নিযুক্ত করায় নেতা-কর্মীরা হতাশ হয়েছেন। সংগঠনটির মধ্যম সারির একাধিক নেতা বলেছেন, তাঁরা নেতৃত্বে নতুন কাউকে দেখতে চেয়েছিলেন।এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে বিতর্কিত ব্যক্তিরাও স্থান পেয়েছেন বলে অভিযোগ আছে। যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া গাজী মেজবাউল হোসেন ওরফে সাচ্চুর বিরুদ্ধে ২০০৪ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক খোরশেদ আলম বাচ্চু হত্যায় জড়িত থাকার অভিযোগ ছিল। এ হত্যার পর আওয়ামী লীগের কোনো কার্যক্রমে তাঁকে দেখা যায়নি। অনেকটা লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি। এ ছাড়া সম্প্রতি সড়ক ভবনে টেন্ডার-সন্ত্রাসের ঘটনায় গুলিবিদ্ধ শামীম শাহরিয়ারকে বানানো হয়েছে প্রচার সম্পাদক।কৃষক লীগের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মোতাহার হোসেন মোল্লা। তিনি আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এবার সাধারণ সম্পাদক পদে খন্দকার শামসুল হক রেজা মনোনীত হয়েছেন। এ ক্ষেত্রেও কাউন্সিলরদের ভোট নেওয়া হয়নি। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।একইভাবে শ্রমিক লীগের সভাপতি পদে শুকুর মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।