লোক দেখানো ভারত বিরোধিতাই বিএনপির রাজনীতি: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায় থাকার সময় যারা ৪ দশমিক ৫ শতাংশ হারে ঋণ নিয়েছে, তাদের মুখে মাত্র ১ দশমিক ৭৫ শতাংশ হার সুদে ঋণ নেওয়ার সমালোচনা মানায় না। বিএনপি ক্ষমতায় থাকাকালে বড়পুকুরিয়া কয়লাখনির উন্নয়নের জন্য চীনের কাছ থেকে ৪ দশমিক ৫ শতাংশ হার সুদে ১০ কোটি ৯০ লাখ ডলার ঋণ নিয়েছিল।ভারতের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা চুক্তির বিষয়ে বিএনপির সমালোচনার জবাবে আজ সোমবার ওই তথ্য হাজির করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। প্রতিমন্ত্রী তাঁর সচিবালয়ের দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই চুক্তি নিয়ে কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপির রাজনীতিই হচ্ছে ভারতীয় শাড়ি পরে, ভারত থেকে আসা গরুর মাংস খেয়ে লোক দেখানো ভারত-বিরোধিতা করা। তিনি বলেন, ‘যে ঋণ আমরা নিয়েছি, সেই ঋণের টাকায় আমাদের দেশেরই অবকাঠামোগত উন্নয়ন হবে, ভারতের নয়। ভারত যদি ট্রানজিট-সুবিধা পায়, আমরাও কর পাব। পৃথিবীর বহু দেশ অন্য দেশকে তাদের বন্দর ব্যবহার করতে দিয়ে লাভবান হয়েছে এবং হচ্ছে।’ প্রতিমন্ত্রী এ প্রসঙ্গে পূর্ব ইউরোপের উদাহরণ টেনে বলেন, পূর্ব ইউরোপের যেসব দেশের বিরুদ্ধে ন্যাটো জোট সৃষ্টি করা হয়েছিল, সেসব দেশ এখন ন্যাটোর সদস্য হচ্ছে। বর্তমান বিশ্বায়নের যুগে গোলামির কথা বলে জনগণকে অন্ধকারে ঠেলে দেওয়ার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য তিনি বিরোধী দলকে আহ্বান জানান।সংবাদ ব্রিফিংয়ে পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, গত এক মাসে পরিবেশ অধিদপ্তর ১১টি অভিযান চালিয়েছে। ১৯টি কারখানাকে পরিবেশদূষণের দায়ে এক কোটি ৬২ লাখ টাকা জরিমানা করেছে। এর মধ্যে নগদ আদায় করা হয়েছে ৬২ লাখ টাকা। পরিবেশদূষণের দায়ে পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। ইটিপিবিহীন নয়টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ১২ মেট্রিক টন পলিথিন জব্দ করা হয়েছে এবং ১০টি পলিথিন কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ আইন ও পরিবেশ আদালত আইন জাতীয় সংসদের আগামী অধিবেশনেই পাস হবে বলে আশা করা যাচ্ছে।