লোক দেখানো ভারত বিরোধিতাই বিএনপির রাজনীতি: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায় থাকার সময় যারা ৪ দশমিক ৫ শতাংশ হারে ঋণ নিয়েছে, তাদের মুখে মাত্র ১ দশমিক ৭৫ শতাংশ হার সুদে ঋণের সমালোচনা মানায় না। বিএনপি ক্ষমতায় থাকাকালে বড়পুকুরিয়া কয়লাখনির উন্নয়নের জন্য চীনের কাছ থেকে ৪ দশমিক ৫ শতাংশ হার সুদে ১০ কোটি ৯০ লাখ ডলার ঋণ নিয়েছিল।ভারতের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা চুক্তির বিষয়ে বিএনপির সমালোচনার জবাবে গতকাল সোমবার ওই মন্তব্য করেছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি তাঁর সচিবালয়ের দপ্তরে সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন।হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতিই হচ্ছে সুন্দর করে ভারতীয় শাড়ি পরে, ভারত থেকে আসা গরুর মাংস খেয়ে লোক দেখানো ভারত বিরোধিতা করা।প্রতিমন্ত্রী বলেন, ‘যে ঋণ আমরা নিয়েছি, সেই ঋণের টাকায় আমাদের দেশেরই অবকাঠামোগত উন্নয়ন হবে, ভারতের নয়। ভারত যদি ট্রানজিট-সুবিধা পায়, আমরাও কর পাব। পৃথিবীর বহু দেশ অন্য দেশকে তাদের বন্দর ব্যবহার করতে দিয়ে লাভবান হয়েছে এবং হচ্ছে।’ প্রতিমন্ত্রী পূর্ব ইউরোপের উদাহরণ টেনে বলেন, পূর্ব ইওরোপের যেসব দেশের বিরুদ্ধে ন্যাটো জোট সৃষ্টি করা হয়েছিল, সেসব দেশ এখন ন্যাটোর সদস্য হচ্ছে। বার্লিন প্রাচীর ভেঙে দিয়ে দুই জার্মানি যেদিন এক হলো, সেদিন ছিল জার্মানির ইতিহাসে সবচেয়ে বড় আনন্দের দিন। কাজেই বর্তমান বিশ্বায়নের যুগে এসব কথা বলে জনগণকে অন্ধকারে ঠেলে দেওয়ার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য তিনি বিরোধী দলকে আহ্বান জানান।