লোকগানের মনকাড়া সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকগানের হূদয়ছোঁয়া সুর বরাবরই শ্রোতাদের আকুল করে তোলে। গতকাল ছুটির দিন সন্ধ্যায় বাঁশি, দোতারার সংমিশ্রণে সেই চিরায়ত লোকসুরে শ্রোতারা মোহিত হয়েছিলেন ছায়ানট মিলনায়তনে। লোকসংগীতের ধারাটিই বাংলা সাহিত্য-সংস্কৃতির মূলধারা। ভাব ও রূপের বিপুল বৈচিত্র্যে, সারল্য ও গভীরতায়, সংখ্যার বিপুলতায় বাংলার লোকসংগীত বিশ্বসংগীত সভায় উচ্চাসনের দাবিদার। বাংলার চার গীতিকবি রাধারমণ, জালালউদ্দীন খান, উকিল মুন্সী ও কাঙাল হরিনাথের গান নিয়ে নিয়ে ছিল ছায়ানটের বিশেষ অনুষ্ঠান।সমবেত কণ্ঠে ‘তোরা কে কে যাবি লো জল আনতে’ গানের পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে একক কণ্ঠে গান শোনান নাদিরা বেগম, চন্দনা মজুমদার, নির্মল চন্দ্র মজুমদার, নাজমুল আহসান, তপন মজুমদার, স্বপ্না রায়, সরদার মোহাম্মদ রহমাতুল্লা, মোখলেসুর রহমান, আবুল কালাম আজাদ, নারায়ণ চন্দ্র শীল ও সানজিদা আক্তার খান। তাঁদের পরিবেশনায় ছিল ‘বসায়ে শখের মেলা’, ‘অরূপের রূপের ফাঁদে’, আমি সোনা হয়ে মনের দোষে’, ‘কে গো রাঈ কাঁদিতেছো’; ‘ভ্রমর কইয়ো গিয়া’, ‘আওনা কেনে রসবৃন্দাবনে’, ‘আমার গায়ে যত দুঃখ’, ‘সোয়া চান পাখি আমার’, ‘যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু’, ‘ওগো দিয়ে মুখের হাসি’ এসব গান। পুঁথি পাঠ করেন সরদার রহমাতুল্লা। সমবেত কণ্ঠে ‘ও আমার দরদি আগে জানলে’ এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। মরমি শিল্পী আব্বাসউদ্দীনের স্মৃতির প্রতি অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়।