লোকগানের সুরে সুরে শেষ হলো উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবের প্রতিপাদ্য ছিল ‘এ কোন মায়ায়’। সে মায়া কেবল সুরের নয়, পারস্পরিক সম্প্রীতির বন্ধন নিবিড় করে তোলার মায়াও। নয় দিন ধরে সুরে ও প্রীতির মায়ায় আচ্ছন্ন করে রাখা বাংলা গানের উৎসব গতকাল শনিবার শেষ হলো সারা রাত লোকসংগীতের মরমি সুরের সাম্পান ভাসিয়ে।কলকাতার টালিগঞ্জে বেঙ্গল ফাউন্ডেশন ও আইটিসি এসআরএর যৌথ ব্যবস্থাপনায় এই উৎসব শুরু হয়েছিল ৮ ফেব্রুয়ারি। উৎসব উৎসর্গ করা হয়েছিল বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি। উৎসবের সার্বিক সহযোগিতা দিয়েছে প্রথম আলো। সহযোগিতায় দ্য ডেইলি স্টার ও সম্প্রচার সহযোগিতায় মাছরাঙা টেলিভিশন। খুলল বন্ধ দুয়ার: এসআরএতে সাধারণত উচ্চাঙ্গসংগীতের চর্চা ও এ ধরনের গানেরই অনুষ্ঠান এ পর্যন্ত হয়ে এসেছে। সেখানে বাংলা গানের এত বড় উৎসব হলো এই প্রথম। এসআরএ ও বেঙ্গল ফাউন্ডেশনের মধ্যে সম্পাদিত চুক্তি অনুসারে গত নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হয় চার দিনের উচ্চাঙ্গসংগীত উৎসব। তার ধারাবাহিকতায় বাংলা গানের শিল্পীদের জন্য খুলে যায় এসআরএর বন্ধ দুয়ার। বাংলাদেশের নবীন-প্রবীণ প্রায় অর্ধশত শিল্পী উৎসবে গান করেন। আর কলকাতার শিল্পী ছিলেন প্রায় ২০ জন, যাঁদের অনেকেই এই প্রথম এসআরএতে গান করার সুযোগ পেলেন। আয়োজকেরা জানিয়েছেন, আগামীতেও উভয় বাংলার বাংলা গানের জন্য খোলা থাকবে এসআরএর দুয়ার। উৎসবে বেঙ্গল থেকে প্রকাশিত ৩০টি অডিও সিডির মোড়ক উন্মোচন করা হয়।মিলনমেলা: গানের উৎসবে প্রতিদিন বিকেল থেকে প্রচুর শ্রোতার সমাগম ঘটেছে। বিশেষ করে কলকাতা পুস্তক মেলা শেষ হওয়ার পর ১০ ফেব্রুয়ারি থেকে এসআরএর প্রাঙ্গণ জনাকীর্ণ। আসন ছিল সাড়ে তিন হাজারের মতো। কোনো কোনো দিন স্থানাভাবে দাঁড়িয়ে থেকেও বহু লোক গান শুনেছেন। সাধারণ শ্রোতা ছাড়াও প্রতিদিনই গান শুনতে এসেছেন এসআরএর প্রখ্যাত সংগীতগুরু, কলকাতার সংগীত, চলচ্চিত্র, চারুশিল্পীসহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। বাংলাদেশে থেকেও আমন্ত্রিত হয়ে এসেছেন অধ্যাপক আনিসুজ্জামান, ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংসদ আসাদুজ্জামান নূর, শিল্পী রফিকুন নবীসহ শিল্প-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। গানের পাশাপাশি তাঁরা পরস্পর প্রাণখোলা আলাপ-আলোচনায় মেতেছেন। ফলে সীমান্তরেখার ভেদ ঘুচে গিয়ে পরস্পর অভিন্ন হূদয়ানুভূতিতে মিলেছিলেন। গানের উৎসব পরিণত হয়েছিল মিলনমেলায়।সমাপনী অনুষ্ঠান: সমাপনী অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন প্রাজ্ঞ সংগীতজ্ঞরা। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। এসআরএর পণ্ডিত ১০৫ বছর বয়সী ওস্তাদ আবদুর রশীদ খান উপস্থিত ছিলেন সমাপনী অনুষ্ঠানে। এ ছাড়াও উপস্থিত ছিলেন পণ্ডিত অরুণ ভাদুড়ি, পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, পণ্ডিত উলহাস কাসালকর, পণ্ডিত অজয় চক্রবর্তী এবং ওস্তাদ মাসকুল আলী খান। আলোচনা করেন এসআরএর নির্বাহী পরিচালক রবি মাথুর, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মুনয়েম এবং বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের। সমাপনী অনুষ্ঠানে এই আয়োজনে সহায়তা করার জন্য প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ জানানো হয়। সঞ্চালনা করেন লুভা নাহিদ চৌধুরী।মরমি সুরের ইন্দ্রজাল: মরমি গানের সুরে শ্রোতাদের মন ভরিয়ে দিয়েছিলেন দেশের লোকসংগীতশিল্পীরা। লালন, হাসন, শাহ আবদুল করিম, রাধা রমনসহ বিভিন্ন লোককবির গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি হয়ে বৈচিত্র্যময় লোকসংগীতের ভুবন থেকে মণি-মাণিক্য তুলে এনে যেন এক সুরের সাতনরি হার উপহার দিলেন শিল্পীরা। ভাওয়াইয়া ‘আস্তে বোলাও গাড়ি রে’ গেয়ে গানের পর্ব শুরু করেছিলেন সিদ্দিকুর রহমান। পরে লালন সাঁইয়ের গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে দেন রব ফকির। রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময় গান চলছিল। পরের শিল্পীদের মধ্যে ছিলেন চন্দনা মজুমদার, রামকানাই দাশ, কিরণ চন্দ্র রায় ও ফরিদা পারভীন।