লোকজ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকজ উৎসবে ঢুকতেই ছোট্ট একটা চমক। মিষ্টি হাসি দিয়ে অতিথিদের গলায় গামছা পরিয়ে দিচ্ছেন তরুণীরা। এরপর হাতে ধরিয়ে দিচ্ছেন বেশ বড়সড় একটি ডাব। এভাবেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেশি-বিদেশি কর্মকর্তাদের স্বাগত জানানো হয় বাংলাদেশ লোকজ উৎসবে। আইসিসির স্থানীয় অংশীদার বাংলাদেশ পর্যটন বোর্ড হোটেল সোনারগাঁওয়ে গত মঙ্গলবার আয়োজন করে এই উৎসব। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য মেলার মাঠ খোলা থাকে। তবে সন্ধ্যার পর শুরু হয় শুধু আমন্ত্রিত অতিথিদের মেলা দেখার পালা। পায়ের নিচে সবুজ ঘাসের জমিন। চোখের সামনে স্বল্প পরিসরে সাজানো এক টুকরো বাংলার লোকজ জীবন। একদিনের এই লোকজ উৎসব চমক দিয়েছে ভিনদেশি অনেক অতিথিকে। অস্ট্রেলিয়া থেকে আসা ডেরি তো বানর নাচ দেখে রীতিমতো মুগ্ধ। ক্যামেরা দিয়ে পটাপট ছবি তুলতে থাকলেন তিনি।দক্ষিণ আফ্রিকার রিকি জাত সাপুড়ের ভঙ্গি নিয়ে গোখরা সাপের খেলা উপভোগ করছিলেন। তাঁর ইংল্যান্ডের বান্ধবী ডেবরা ততক্ষণে বুটিকের দোকানে ঘোরা শুরু করে দিয়েছেন। দেশি বুটিকের বেশ কয়েকটি দোকান বসেছিল মেলায়। সেখান থেকে একটি বাংলাদেশি ফতুয়া কিনে গর্বের হাসি হাসছিলেন ডেবরা। অন্যদিকে ইংল্যান্ড থেকে আসা আইসিসির এক কর্মকর্তা টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনার সুযোগটাও হাতছাড়া করলেন না।চকবাজারের স্পেশাল বাদামি শরবত, রংধনুর সাতরঙা চা, পুরান ঢাকার বাখরখানি, চটপটি, ফুচকা, হাওয়াই মিঠাই ও জিলাপির স্বাদ নিতেও আগ্রহের কমতি দেখা গেল না বিদেশি ক্রিকেট কর্মকর্তাদের। বাংলা সিনেমার পোস্টারের ছবিকে পেছনে রেখে রিকশার সিটে বসে ছবি তোলার ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে একটু পরপরই পূজার বাদ্য বাজিয়ে কানে তালা লাগাচ্ছিল ঢাকির দল। মাঝেমধ্যেই তারা সুর তুলছিল, ‘তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল’।আমন্ত্রিত দর্শকদের চোখ-মুখে আনন্দ আর বিস্ময়ের ছাপ দীর্ঘায়িত করতে নির্ধারিত সময়ের কিছু পরে সরব হয়ে ওঠে অনুষ্ঠানের মঞ্চ। শামীম আরা নিপা আর শিবলীর দলের নাচের ঢেউ মুগ্ধ হয়ে দেখেন অনেকেই। মঞ্চের পেছনের কালো পর্দায় সাদা মরিচ বাতির আলোয় নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা গেয়ে শোনান, ‘আকাশের ওই মিটিমিটি তারার সাথে কইব কথা/ নাই বা তুমি এলে’। আধুনিক গানের পাশাপাশি বাউল গান ও কাওয়ালি গেয়ে শোনান শিল্পীরা। সবশেষে মেহরীনের কণ্ঠের জাদুতে মজে যান লোকজ উৎসবের অতিথিরা।