লোকজন পালাচ্ছে
লিবিয়া এখন আতঙ্কপুরী। একদিকে পশ্চিমা জোটবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী ত্রিপোলির আশপাশ মুহুমুর্হু কেঁপে উঠছে, অন্যদিকে বিদ্রোহী-নিয়ন্ত্রিত বেনগাজিতেও গাদ্দাফি বাহিনীর বোমা হামলার আশঙ্কায় দিশেহারা মানুষ। এ অবস্থায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। এদের মধ্যে বহু বাংলাদেশিও রয়েছেন। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম নুরুজ্জামান বলেছেন, তাঁরা আটকে পড়া বাংলাদেশিদের লিবিয়া ত্যাগের বিষয়ে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।বিবিসিকে গতকাল রোববার দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন, যেসব বাংলাদেশি মিসরের পশ্চিম দিকে আছেন, তাঁদের তিউনিসিয়ার দিকে এবং যাঁরা পূর্ব দিকে আছেন, তাঁদের মিসরের দিকে যাওয়ার জন্য তাঁরা পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া যাঁরা ত্রিপোলিতে অপেক্ষাকৃত নিরাপদে আছেন; অর্থাৎ যাঁদের কাছে এখনো খাদ্য ও পানীয় আছে, তাঁদের ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলছেন।এ বি এম নুরুজ্জামান বলেন, জোটবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ত্রিপোলির আশপাশে এসে পড়ছে। তিনি নিজেও সেই শব্দ শুনেছেন। ত্রিপোলিতে যানবাহন প্রায় বন্ধ। দোকানপাটও খুলছে না। এতে এখনো সাহস করে যেসব বাংলাদেশি লিবিয়ায় রয়ে গেছেন, তাঁরা বিচলিত হয়ে পড়েছেন।রাষ্ট্রদূত বলেন, লিবিয়ার প্রায় প্রতিটি শহরেই বাংলাদেশি আছেন। তবে ত্রিপোলি ও এর আশপাশে তাঁদের সংখ্যা বেশি। তিনি বলেন, এখনো লিবিয়ায় কী পরিমাণ বাংলাদেশি আছেন, তার সঠিক সংখ্যা এখন তাঁরা বলতে পারছেন না। তিনি বলেন, বিভিন্ন বিদেশি কোম্পানিতে যেসব বাংলাদেশি কাজ করতেন, তাঁদের বেশির ভাগকেই ওই সব কোম্পানি সরিয়ে নিয়েছে। তবে যাঁরা এখানে পরিবারসহ বাস করছেন, তাঁরা অনেকে এখনো রয়ে গেছেন।রাষ্ট্রদূত বলেন, সেখানে পরিবারসহ বসবাস করেন এমন কয়েকজনের ফোন পেয়েছেন তিনি গতকাল। তাঁরা আগে সেখানে থেকে যেতে চাইলেও এখন আর থাকতে চান না। তিনি বলেন, যেহেতু এখন লিবিয়ায় বিমান চলাচল নিষিদ্ধ, সেহেতু কোনো এয়ারলাইনসে তাঁরা দেশে যেতে পারবেন না। ফলে ঝুঁকি নিয়ে স্থলপথে পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সড়কপথে যাওয়াটা নিরাপদ হবে কি না—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, মোটেও নিরাপদ হবে না। যাওয়ার পথে লুটপাট হয়। এ কারণে এখনো যাঁরা নিরাপদ আশ্রয়ে আছেন, তাঁদের পালানোর বিষয়ে তাঁরা উৎসাহিত করছেন না। তবে একান্তই যাঁরা যেতে চান, তাঁদের নিজ দায়িত্বে সাবধানে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।দূতাবাসের কর্মচারীদের নিরাপত্তা নিয়ে কী ভাবছেন—এই প্রশ্নের জবাবে নুরুজ্জামান বলেন, ত্রিপোলিতে বিভিন্ন দেশের দূতাবাস বন্ধ হয়ে গেলেও বাংলাদেশি দূতাবাস এখনো খোলা রয়েছে। তাঁরা লিবীয় সরকারের কাছে নিরাপত্তার জন্য আবেদন করেছেন। ঢাকার সঙ্গে তাঁদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। বড় কোনো ধরনের সমস্যা হলে পরবর্তী ব্যবস্থা সম্পর্কে ভাববেন বলে তিনি জানান।এদিকে জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় তিন লাখ লোক লিবিয়া ছেড়ে পালিয়েছে। এখনো হাজার হাজার লোক পালানোর চেষ্টা করছে।জাতিসংঘের শরণার্থীবিষয়ক মুখপাত্র মিলিসা ফ্লেমিং গত শুক্রবার জানান, গাদ্দাফি বাহিনীকে রুখতে আন্তর্জাতিক সম্প্রদায় বিলম্ব করায় এ পর্যন্ত তিন লাখ ৩০৭ জন প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। এর মধ্যে এক লাখ ৫৮ হাজার ৭২১ জন তিউনিসিয়ায় এবং এক লাখ ২৮ হাজার ৮১৪ জন মিশরে আশ্রয় নিয়েছে। আরও অনেকে নাইজেরিয়া ও আলজেরিয়ায় চলে গেছে। আরব নিউজ, রয়টার্স, এএফপি, এপি ও বিবিসি অনলাইন।