লোকপাল বিল রাজ্যসভায় পাস হয়নি
ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বহুল আলোচিত লোকপাল বিল পাস হয়নি। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত তুমুল বিতর্কের পর রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়। এতে আটকে গেল লোকপাল বিলের ভাগ্যও।গতকাল রাজ্যসভায় বিতর্কের মূলে ছিল লোকপাল বিলের আওতায় রাজ্যগুলোতে লোকাযুক্ত গঠন প্রসঙ্গে। বিরোধী দলগুলো ছাড়াও ক্ষমতাসীন কংগ্রেস জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করে। বিরোধীরা বলেছেন, লোকাযুক্ত গঠন রাষ্ট্রের কেন্দ্রীয় কাঠামোর ওপর একটি আঘাত হবে। তৃণমূল কংগ্রেস লোকপাল বিলের লোকাযুক্ত অধ্যায়ের বিলুপ্তি দাবি করেছে।পার্লামেন্টের নিম্নকক্ষে গত মঙ্গলবার লোকপাল বিল পাস হয়। এ আইন কার্যকর করতে এবং প্রতিটি রাজ্যে লোকাযুক্ত গঠন করতে রাজ্য সভাতেও এটি পাস করতে হবে। গতকাল লোকপাল বিল রাজ্যসভায় তোলা হলে এটির ওপর বিভিন্ন রাজনৈতিক দল ১৮৭টি সংশোধনী দেয়। এরপর বিলটি নিয়ে রাজ্যসভায় শুরু হয় তুমুল হট্টগোল। একপর্যায়ে পার্লামেন্টবিষয়ক প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী থেকে লোকপাল বিলের একটি কপি ছিনিয়ে নিয়ে ছেঁড়ে ফেলেন রাষ্ট্রীয় জনতা দলের সদস্য রাজনীতি প্রসাদ। বিলটি নিয়ে হট্টগোল চলে মধ্যরাত পর্যন্ত। পরে রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করেন।বিলটির ওপর ভোটাভুটির আয়োজন না করায় প্রধান বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজিপি) তাত্ক্ষণিকভাবে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগের আহ্বান জানিয়েছে। সরকার বলছে, তারা মধ্যরাতে অধিবেশন মুলতবি করে সংবিধানকে শ্রদ্ধা করেছে। এতে জনগণ জানবে ভোটাভুটি পৌঁছাতে ব্যর্থতার জন্য কারা দায়ী।ভোটাভুটি না হওয়ায় অনেক রাজনৈতিক দল এটিকে ভারতের সংসদীয় গণতন্ত্রের জন্য একটি দুঃখজনক দিন বলে অভিহিত করেছে। তৃণমূল কংগ্রেস বলেছে, এটা গণতন্ত্রকে হত্যা।বিলটি এখন পর্যালোচনা করে পুনরায় উত্থাপন করা হবে। কংগ্রেস নেতৃত্বাধীন সরকার বলছে, উচ্চকক্ষ বিলটি আইনে পরিণত করতে চূড়ান্ত পদক্ষেপ নেবে।তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪৩ সদস্যের রাজ্যসভায় বিলটি পাস করতে সরকার প্রয়োজনীয় ভোট জোগাতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রাজ্যসভায় কংগ্রেস জোটের ৯৪ জন সদস্য রয়েছে। বিলটি পাসের জন্য ন্যূনতম প্রয়োজন ১২২ ভোট।ভারতে দুর্নীতিবিরোধী আন্দোলনের গান্ধীবাদী নেতা আন্না হাজারে লোকপাল বিলকে ‘অকেজো’ বলে বর্ণনা করেছেন। বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।