লোকপাল বিল: আন্নাকে আশ্বস্ত করলেন মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পার্লামেন্টে দুর্নীতিবিরোধী লোকপাল আইন পাস করার ব্যাপারে সমাজকর্মী আন্না হাজারেকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আন্নাকে লেখা এক চিঠিতে তিনি এ কথা বলেছেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে।আন্নাকে লেখা ওই পত্রে মনমোহন বলেছেন, দুর্নীতি নিয়ন্ত্রণে নিকট-ভবিষ্যতে পার্লামেন্টে কঠোর দুর্নীতিবিরোধী আইন আনার ব্যাপারে তিনি অঙ্গীকারবদ্ধ। তবে এর জন্য রাজনৈতিক মতৈক্য প্রয়োজন।আন্না হাজারের কাছে লেখা ওই পত্রে মনমোহন বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে ও সুশাসনের জন্য সরকার কাজ করছে।’মনমোহন বলেছেন, লোকপাল বিলের বিষয়ে পার্লামেন্ট অচিরেই ঐকমত্যে পৌঁছাবে বলে তিনি আশাবাদী। দুর্নীতিবিরোধী কঠোর আইনের দাবিতে গত আগস্টে আন্না হাজারে ১২ দিনের অনশনে গিয়েছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছেন, এই বিল পাস না করা হলে তিনি তাঁর আন্দোলন চালিয়ে যাবেন। আন্না দেশটিতে নির্বাচনী আইন সংস্কারেরও দাবি তুলেছেন।