লোকপাল বিল: ৪৩ বছরে ৮ বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি রোধে লোকপাল বিল পাসের দাবিতে আন্না হাজারের অনশন এখন ভারতের সবচেয়ে আলোচনার বিষয়। এ ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক সাড়াও ফেলেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী আজ পার্লামেন্টে আন্নার প্রশংসা করে বক্তব্যও রেখেছেন। আর এর ফলে এ দাবির যৌক্তিকতার প্রতি সমর্থন আরও বাড়ল। তবে এর আগেও বিভিন্ন সময়ে ভারতের সংসদে আট বার লোকপাল বিল উত্থাপিত হয়েছে। কোনোবারই তা সফলতার মুখ দেখেনি। ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী তখন চতুর্থ লোকসভায় প্রথমবারের মতো ১৯৬৮ সালে বিল তোলা হয়। পরের বছর ১৯৬৯ সালে তা পাসও হয়। তবে পার্লামেন্ট বিলুপ্ত হলে মৃত্যু ঘটে এ বিল নিয়ে প্রথম উদ্যোগের।এরপর ১৯৭১, ১৯৭৭, ১৯৮৫, ১৯৮৯, ১৯৯৬, ১৯৯৮ এবং ২০০১ সালে পুনরায় আইনসভায় তোলা হলেও তা আলোর মুখ দেখেনি।২০০৪ সালে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) জোট হেরে যাওয়ায় এ বিলকে আইনে পরিণত করার সময় পাওয়া যায়নি।এ বছরের এপ্রিলে লোকপাল বিল পার্লামেন্টে উত্থাপন ও তা পাসের দাবিতে গান্ধীবাদী সমাজকর্মী হাজারে ও তাঁর সমর্থকেরা অনশন কর্মসূচি পালন করেন। এ কর্মসূচি ব্যাপক জন সমর্থন পায়। এ দাবিতে রামলীলা ময়দানে গত ১১ দিন আগে শুরু হয়েছে আন্নার নতুন অনশন কর্মসূচি। সর্বশেষ ৪ আগস্ট নবমবারের মতো এই বিল পার্লামেন্টে তোলা হয়েছে। এ জন্য একটি সর্বদলীয় পার্লামেন্ট কমিটি গঠন করা হয়েছে যারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।১৯৬৮ থেকে ২০১১ এই ৪৩ বছরের মধ্যে সাতজন প্রধানমন্ত্রীর সময়ে এই বিল পার্লামেন্টে তোলা হলো। তাঁদের মধ্যে ছিলেন ভিপি সিং, এস ডি দেব গৌড়া, অটল বিহারি বাজপেয়ি। এবারেও লোকপাল বিল আলোর মুখ দেখবে কি না, তা সময়েই বলে দেবে। জি নিউজ।