লোকপাল বিলের বিষয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন মনমোহন সিং
ভারতে সমাজকর্মী আন্না হাজারের নেতৃত্বে গড়ে ওঠা দুর্নীতিবিরোধী আন্দোলনের সমাপ্তি টানতে কাল বুধবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারতের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদে এ কথা জানা গেছে। জানা গেছে, ওই বৈঠকে অংশ নেওয়ার জন্য সব রাজনৈতিক দলের নেতাদের ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। কাল বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সূত্র জানিয়েছে, আন্না হাজারে এবং তাঁর সহযোগীরা এমন কিছু দাবি করেছেন, যে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বৃহত্তর রাজনৈতিক ঐক্য দরকার। এ পরিপ্রেক্ষিতেই কালের সভা ডাকা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী মনমোহন সিং আজ মঙ্গলবার লোকপাল বিলের বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অভিষেক মানু সিংভির সঙ্গে বৈঠক করেছেন। পুরো বিষয়টি নিয়েই তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।আন্না হাজারের সমর্থকেরা জানিয়েছেন, তাঁর স্বাস্থ্যগত অবস্থাই এ মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ভারতে শক্তিশালী দুর্নীতিবিরোধী লোকপাল বিলের দাবিতে এ-পর্যায়ে অনশন শুরু করার পর তিনি প্রায় ছয় কেজি ওজন হারিয়েছেন। আন্নার সমর্থক সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ বেদি বলেছেন, ‘আন্না দুর্বল হয়ে পড়ছেন। তবে চিকিৎসক জানিয়েছেন তাঁর অবস্থা এখনো বিপদের কারণ হয়ে দেখা দেয়নি।’