লোকবল সংকটে ৩৮৭ স্টেশনের ১০৬টিই বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড শিল্পাঞ্চলের রেলস্টেশনটি দু-তিন বছর আগেও ছিল কোলাহলমুখর। ঢাকা-চট্টগ্রাম পথের কর্মচঞ্চল এই স্টেশনে তখন পাঁচ-ছয়টি লোকাল কিংবা মেইল ট্রেন থামত। একসঙ্গে চারটি ট্রেন দাঁড়ানোর সুবিধা ছিল বাড়বকুণ্ড স্টেশনে। এখানে এখন তালা ঝুলছে।জানা গেছে, পর্যায়ক্রমে দুই স্টেশনমাস্টার অবসরে যাওয়ার কিছুদিন পর প্রায় এক বছর আগে এই স্টেশন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এখন এখানে কর্মরত আছেন মাত্র দুজন রেলকর্মী। পিয়ন (পোর্টার) বজল আহমদ (৪০) ও সিগনাল খালাসি শফিকুল ইসলাম (৫০)। শফিকুল বিদ্যুত্হীন রাতে ট্রেনস্টেশন অতিক্রমের সময় কুপিবাতি তুলে ধরে সংকেত দেওয়ার দায়িত্ব পালন করেন।বজল আহমদ জানান, পরপর দুজন স্টেশনমাস্টার অবসরে যাওয়ার পর অন্য স্টেশনের মাস্টারকে এখানে বদলি করা হয়। পরে তাঁকেও প্রত্যাহার করে স্টেশন বন্ধ করা হয়।রেলের হিসাবে দেখা যায়, বাড়বকুণ্ড স্টেশনটি ছিল একটি বি ক্লাস, অর্থাত্ স্বয়ংসম্পূর্ণ স্টেশন। এই স্টেশনে অন্তত তিনজন মাস্টার (একজন মাস্টারের সঙ্গে দুজন সহকারী), যাত্রীদের বিশ্রামাগার, পণ্যসামগ্রীসহ সব ধরনের পরিবহনের জন্য প্রয়োজনীয় বুকিং সুবিধা, গাড়িতে তেল-পানি দেওয়ার সুবিধাদি ছিল। আরও ছিল স্টেশনে সর্বোচ্চসংখ্যক ট্রেন দাঁড়ানোর সুবিধা।রেলের পরিসংখ্যানে দেখা যায়, শুধু স্টেশনমাস্টার ও স্টেশনসংশ্লিষ্ট কর্মচারী-স্বল্পতার কারণে গত ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে মোট ১০৬টি রেলস্টেশন বন্ধ হয়ে যায়। সারা দেশে রেলস্টেশন আছে ৩৮৭টি। এর মধ্যে স্থায়ীভাবে বন্ধ স্টেশনের সংখ্যা ৩৭। অস্থায়ীভাবে বন্ধ আছে আরও ৬৯টি। যেসব স্টেশন এক বেলা চালু থাকে, সেগুলোকে অস্থায়ীভাবে বন্ধ বলা হয়। প্রয়োজনীয় সংখ্যক লোকবল না থাকায় অস্থায়ীভাবে বন্ধ স্টেশনে দিনের বেলায় টিকিট বিক্রি করা হয়, সন্ধ্যার পর এগুলো বন্ধ রাখা হয়। জানা যায়, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ নিয়ে গঠিত রেলের পূর্বাঞ্চলে বর্তমানে ৩৩টি স্টেশন বন্ধ আছে। এই দুই বিভাগ ছাড়া দেশের বাকি অংশ নিয়ে গঠিত রেলের পশ্চিমাঞ্চল। পশ্চিমাঞ্চলে ৭৩টি স্টেশন বন্ধ। এই দুই অঞ্চলে মোট রেলস্টেশনের সংখ্যা যথাক্রমে ২২৬ ও ১৬১।ঝুঁকিপূর্ণ ট্রেন চলাচল: দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, গুরুত্বপূর্ণ রেলপথে পরপর কয়েকটি স্টেশন বন্ধ করে দেওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে ট্রেনের গতি কমিয়ে রাখতে হয়েছে। ফলে সার্বিক ট্রেন চলাচল বিলম্বিত হচ্ছে।নিয়ম অনুযায়ী, একটি চলন্ত ট্রেন কোনো একটি স্টেশন অতিক্রমের আগে পরের স্টেশন থেকে আগেই অনাপত্তি (ক্লিয়ারেন্স) নিতে হয়। ঢাকা-চট্টগ্রাম পথের সীতাকুণ্ড স্টেশন থেকে পরের তিনটি স্টেশন যথাক্রমে বারৈয়াঢালা, মীরসরাই ও মাস্তাননগর স্টেশন এখন স্থায়ীভাবে বন্ধ। এখন যে ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন অতিক্রম করবে, সেটিকে অনাপত্তি নিতে হচ্ছে বারৈয়াঢালার পরের স্টেশন চিনতি আস্তানা থেকে। এই ৪০ কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো ট্রেন থামানোরও সুযোগ নেই। ফলে বন্ধ স্টেশনগুলোর মধ্যবর্তী অংশে ট্রেন চলাচলের জন্য রেল কর্তৃপক্ষকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হচ্ছে।এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, চলাচলের মাঝপথে কিছু স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় ঝুঁকির মধ্যে ট্রেন চলছে। এতে ট্রেনের গতি কমে গেছে এবং ট্রেন চলাচলের সংখ্যাও কমিয়ে আনতে হয়েছে।কেন বন্ধ হচ্ছে স্টেশন: সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি স্টেশন সচল রাখতে হলে অন্তত তিনজন সহকারী মাস্টার দরকার। তার সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক বুকিং ক্লার্ক, পোর্টার বা পিয়ন, পয়েন্টসম্যান (স্বয়ংক্রিয় ব্যবস্থা কাজ না করলে যারা কায়িক শ্রম দিয়ে যন্ত্রপাতির সহায়তায় রেললাইনের সংযোগ দেন) দরকার। এর যেকোনোটির সংকট থাকলে ওই স্টেশন পরিপূর্ণভাবে চালু রাখা সম্ভব হয় না।রেলের ভারপ্রাপ্ত মহাপরিচালক হাবিব আহমেদ প্রথম আলোকে বলেন, মাস্টার সংকটের কারণে স্টেশন বন্ধ করা ছাড়া বিকল্প ব্যবস্থা নেই। কারণ এগুলো বিশেষ ধরনের পদ। হঠাত্ যে কাউকে নিয়োগ দিয়ে স্টেশন চালানো সম্ভব নয়। একজন সহকারী স্টেশনমাস্টারকে প্রশিক্ষণসহ পর্যায়ক্রমিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রথমে চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম গ্রেডের স্টেশনমাস্টারের যোগ্যতায় আনতে হয়।রেল সূত্রে জানা যায়, পূর্বাঞ্চলের ২২৬টি স্টেশন সচল রাখতে চার গ্রেডের ৬৬৭ জন স্টেশনমাস্টার ও সহকারী মাস্টার দরকার। কিন্তু গত ডিসেম্বর মাস পর্যন্ত রেলের এই অঞ্চলে স্টেশনমাস্টার কর্মরত ছিলেন ৪০২ জন। অর্থাত্ ঘাটতি আছে ২৬৫ জন।একইভাবে পশ্চিমাঞ্চলের ১৬১টি স্টেশনের জন্য মাস্টার ও সহকারী মাস্টারের প্রয়োজন ৫৩৮ জন। কিন্তু কর্মরত আছেন ৩৫০ জন। এখানে ১৮৮ জন ঘাটতি। দীর্ঘ দিনেও নতুন সহকারী স্টেশনমাস্টার নিয়োগ না দেওয়ায় অভিজ্ঞরা একে একে অবসরে চলে যাওয়ায় স্টেশনমাস্টার পদে এই সংকট সৃষ্টি হয়।রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আবদুল ওয়াহাব প্রথম আলোকে বলেন, ‘পশ্চিমাঞ্চলের ৪৫ জন স্টেশনমাস্টার এ বছর অবসরে যাওয়ার কথা। আমরা তাঁদের এবং আগামী বছর যাঁরা অবসরে যাবেন তাঁদের মধ্যে যোগ্য বিবেচিতদের অন্তত দুই বছরের বেশি চাকরি করার সুযোগ দিতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছি।’ সরকার এ প্রস্তাব না মানলে দুই বছরে পশ্চিমাঞ্চলের অর্ধেকেরও বেশি স্টেশন বন্ধ করে দিতে হবে বলে জানান তিনি।নিয়োগ নিয়ে জটিলতা: ২০০৬ সালে ৯০ জন সহকারী স্টেশনমাস্টার নিয়োগের জন্য প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছিল। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিয়োগ-প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে তা স্থগিত করা হলে সংক্ষুব্ধ প্রার্থীরা আদালতের শরণাপন্ন হন। এরপর ৯০ জনের নিয়োগ বন্ধ আছে।রেল কর্তৃপক্ষ সদ্য অবসরে গেছেন কিংবা আগামী দুই বছরে অবসরে যাবেন, এমন মাস্টার ও সহকারী মাস্টারদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবটি এখন অনুমোদনের অপেক্ষায় আছে।