লোকমান খুনের আসামি মোবারক দুবাইয়ে গ্রেপ্তার
নরসিংদীর পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যার মূল পরিকল্পনাকারী ও মামলার এজাহার ভুক্ত আসামি মোবারক হোসেন ওরফে মোবারককে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে। দুবাই ইন্টারপোল বাংলাদেশ পুলিশকে এ তথ্য জানিয়েছে।পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক একেএম শহীদুল হক প্রথম আলোকে জানান, গত ২২ ফেব্রুয়ারি মোবারককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন দুবাই কারাগারে আছেন। তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।স্থানীয় সূত্র জানায়, নরসিংদী শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোবারক মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের কয়েকদিন আগে দেশ ত্যাগ করেন। প্রথমে মালয়েশিয়া এবং পরে সেখান থেকে তিনি দুবাই যান। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুব্রত হালদার জানান, আসামিদের দেওয়া জবানবন্দি অনুযায়ী মোবারক লোকমান হত্যার মূল পরিকল্পনাকারী। এ মামলায় গ্রেপ্তার হওয়া নাজমুল হাসান ওরফে কিলার শরীফ তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারককে পরিকল্পনাকারী বলে উল্লেখ করেছেন।সূত্র জানায়, এরপরই মোবারক হোসেনকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোল পুলিশের সহায়তা চাওয়া হয়। ইন্টারপোলের ঢাকা কার্যালয় থেকে মোবারকের ছবি ও কাগজপত্র পাঠানো হয়। এরই পরিপ্রেক্ষিতে মোবারককে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সূত্র জানায়, লোকমান হত্যা মামলায় এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহার ভুক্ত ১৩ জন এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এজাহারের বাইরে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন মেয়াদের রিমান্ড শেষে ১৬৪ ধারায় লিখিত জবানবন্দি দিয়েছেন আটজন। গ্রেপ্তার হওয়া এজাহার ভুক্ত ১৩ আসামির মধ্যে ১২ জন এবং বাকি ১০ জনের মধ্যে দুজনসহ মোট ১৪ জন জামিনে আছেন।মামলার বাদী নিহত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, আমার ভাইয়ের হত্যার মূল পরিকল্পনাকারী মোবারক ধরা পড়েছে শুনে আমি খুশি হয়েছি। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মোবারককে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আগামীকাল বুধবারের মধ্যে পাঠানো হবে। শরীফের ১৬৪ ধারায় লিখিত জবান বন্দী অনুযায়ী মোবারক লোকমান হত্যা মামলার আসামি নাজমুল হাসান ওরফে কিলার শরীফ তার জবানবন্দিতে জানান, গ্রেপ্তার হওয়া আসামি নাজমুল হোসেন মেয়র লোকমান হোসেনকে গুলি করে হত্যা করেছে। হত্যাকাণ্ডে নাজমুলের ব্যবহারের জন্য একটি রিভলবার, ৩১ রাউন্ড গুলি ও একটি মুখোশ ও মোটরসাইকেল দিয়েছে মোবারক হোসেন। তিনি বলেন, কোন এক সময় মোবারক হোসেন মেয়র লোকমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। লোকমানের সাথে মোবারকের দরপত্র নিয়ন্ত্রণসহ ব্যবসায়িক বিরোধ হয়। সূত্র জানায়, ২০০৯ সালে নরসিংদীতে রাজনৈতিক বিরোধে রনি নামের এক সন্ত্রাসী খুন হয়। লোকমান প্রভাব খাটিয়ে ওই মামলায়ও শরীফকে আসামি করান। এ নিয়ে লোকমান ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু তারেকের সঙ্গে শরীফের ঝগড়া হয়। পাশাপাশি শিবপুর এলাকার বালু ব্যবসা নিয়েও লোকমানের সঙ্গে তাঁর বিরোধ ছিল। একবার তাঁকে ডেকে নিয়ে অস্ত্রসহ পুলিশেও দিয়েছিলেন লোকমান। এসব নিয়ে তারও ক্ষোভ ছিল লোকমানের ওপর। এ কারণে লোকমান হোসেনকে খুন করার জন্য প্রথমে মোবারক শরীফকে প্রস্তাব দিলে সে রাজি হয়ে লোকমানকে গুলি করে। জবানবন্দিতে শরীফ বলেন, গত বছরের অক্টোবরের মাঝামাঝি লোকমান হত্যার বিষয়ে মোবারকের সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়। মোবারক তাঁকে জার্মানির তৈরি একটি রিভলবার ও ৩১টি গুলি দেন। যাতায়াতের জন্য একটি মোটরসাইকেল দেন। সেটি শরীফ টঙ্গীতে মোবারকের ভাতিজির স্বামী হাজি সেলিমের কাছ থেকে সংগ্রহ করেন। মোবারকের দেয়া মোটরসাইকেল, অস্ত্র, গুলি ও মুখোশ দিয়েই শরীফ সাবেক মেয়র লোকমান হোসেনকে হত্যা করেন বলে স্বীকার করেন।