লোকমান দলীয় কোন্দলে নিহত: বিএনপি
নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেনের হত্যার ঘটনায় বিএনপির জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন জড়িত থাকার কোনো কারণ নেই। এই ঘটনাকে আওয়ামী লীগের দলীয় কোন্দল বলে মন্তব্য করে খোকনের মুক্তি দাবি করেছে বিএনপি।আজ বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে দলটির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, খায়রুল কবিরকে আটকের পর তাঁর অবস্থান সম্পর্কে সরকার ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কিছুই জানানো হচ্ছে না।গতকাল মঙ্গলবার রাতে খায়রুল কবিরকে আটক করেছে পুলিশ। নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যার ঘটনায় তাঁকে ঢাকার বাসা থেকে আটক করা হয়।রহুল কবির দাবি করেন, ‘নরসিংদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন দলীয় কোন্দলে নিহত হয়েছেন। এখন তারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর জন্য কী করছে, তা আমরা জানি না।’ তিনি বলেন, সাদা পোশাকের পুলিশ খায়রুল কবিরকে আটকের পর বিএনপির নেতারা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কেউ তাঁর অবস্থান সম্পর্কে জানাতে পারেননি।প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘পত্রিকায় মাধ্যমে জানতে পেরেছি দলীয় কোন্দলের কারণে নরসিংদীর মেয়রকে হত্যা করা হয়েছে। সেখানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে দলীয় কর্মীরা এই হত্যাকাণ্ডের দোষ চাপিয়েছেন। তাই খায়রুল কবিরকে গ্রেপ্তারের কোনো কারণ খুঁজে পাচ্ছে না বিএনপি।’সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ও জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন।এদিকে খায়রুল কবিরের স্ত্রী ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী রাত ১২টার দিকে নরসিংদীর গুলিবিদ্ধ মেয়র লোকমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজে যান। সেখান থেকে বাসায় এসে ঘুমিয়েছিলেন। রাত পৌনে তিনটার দিকে সাদা পোশাকের পুলিশ বাসায় আসে। তিনি বলেন, ‘আমি তাদের বলি, খোকনের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁকে কেন নিয়ে যাবেন? পুলিশ বলে কোনো অসুবিধা নেই। জিজ্ঞাসাবাদ করে তাঁকে সকালে ছেড়ে দেওয়া হবে।’শিরিন সুলতানা বলেন, ‘ডিবি পুলিশ খোকনকে নিয়ে যাওয়ার পর আমি আমার গাড়ি নিয়ে তাদের গাড়ি অনুসরণ করে ডিবি অফিস পর্যন্ত যাই। ডিবি অফিসের গেট দিয়ে গাড়ি ভেতরে ঢোকার পর আর আমাকে ঢুকতে দেয়নি। ভেতর থেকে মোবাইলে খোকন আমার সঙ্গে কথা বলেন। পরে তাঁর মোবাইল বন্ধ হয়ে যায়। পুলিশ তখনো বলে কোনো সমস্যা নেই। আপনারা চলে যান। সকালে নাস্তা নিয়ে ডিবি অফিসে যাওয়ার পর সেখান থেকে বলা হয়, তিনি ডিবি অফিসে নেই।’