লোকমান হত্যা মামলা: তিন আসামির রিমান্ড মঞ্জুর
নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত চার আসামির মধ্যে হত্যা মামলায় তিনজনকে ১০ দিনের এবং তিনজনকে অস্ত্র মামলায় চার দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ।আজ রোববার দুপুরে আসামিদের নরসিংদীর প্রধান বিচারিক হাকিমের আদালতে হাজির করে দুই মামলায় আলাদাভাবে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিচারক নিতাই চন্দ্র সাহা লোকমান হোসেন হত্যা মামলায় ১০ দিন ও অস্ত্র মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া মাহফুজ হোসেন (৩০), শাহীন মিয়া (২১), ও ফারুক মিয়াকে (৩৬) লোকমান হোসেন হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন আদালত মঞ্জুর করে নেন। আর তাঁদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র মামলায় মাহফুজ হোসেন, শাহীন মিয়া ও নাসির মিয়াকে (২৭) ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী গ্রেপ্তার হওয়া আসামিদের চারজনই পেশাদার অস্ত্রধারী খুনি এবং তাঁরা লোকমান হোসেনকে হত্যায় সহযোগিতা করেছেন।নরসিংদী পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আশরাফ হোসেন সরকারের জবানবন্দি অনুযায়ী গ্রেপ্তার হওয়া মাহফুজ, শাহীন ও ফারুকের এ হত্যায় সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাঁদের কেউ একজন এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তদন্তের কাজ দ্রুত গতিতেই চলছে। অপরাধী যত শক্তিশালী হোক না কেন, তদন্তে প্রমাণিত হলে তাঁকে আইনের আওতায় আনা হবে।’ প্রমাণ ছাড়া খায়রুল কবিরকে কেন গ্রেপ্তার করা হয়েছিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই সময় আমি নরসিংদীতে ছিলাম না। তবে মনে হয় ওপরের নির্দেশেই তাঁকে আটক করা হয়েছিল।’ এজাহারভুক্ত আসামিদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘এজাহারকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। তবে এজাহারের বাইরেও খুনি থাকতে পারে। তদন্তে যাদের মনে হবে এই খুনের সঙ্গে জড়িত, তাঁদেরই গ্রেপ্তার করা হবে। হতে পারে সে হত্যাকারী, হতে পারে হত্যার পরিকল্পনাকারী।’