লোকমান হত্যা মামলার ৩ আসামির জামিন আবেদন ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হত্যা মামলায় তিন আসামির জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। তিনজনের করা আগাম জামিন আবেদনের ওপর আজ সোমবার সকালে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।শুনানি নিয়ে আদালত বলেন, ‘আমরা বিবেকের কাছে বন্দি। জামিন দেওয়া যাচ্ছে না। ভালো হয়, আবেদন ফেরত নিয়ে যান।’আজ সকালে লোকমান হত্যা মামলার আসামি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ, মুরাদ আহমেদ ও মমতাজ উদ্দিন হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। আদালতে আসামি পক্ষের আইনজীবী আনিসুল হক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।আদালত থেকে বের হয়ে আনিসুল হক বলেন, আদালত জামিন আবেদন ফেরত দিয়েছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন অন্য আদালতে যাওয়া যাবে।শুনানিতে আনিসুল হক তিনজনের এক মাসের জামিনের আরজি জানান। সেই সঙ্গে জামিন মঞ্জুর করে আবেদনটি নিষ্পত্তির আবেদনও জানান।আদালত বলেন, জনপ্রিয় একজন পৌর মেয়রকে এভাবে হত্যার ঘটনা ব্যতিক্রম। তাহলে এ দেশে ভালো মানুষ থাকবে না?আনিসুল হক বলেন, ‘পরিস্থিতি খারাপ না হলে আমরা এখানে আসতাম না। আদালত নির্দেশনা দিতে পারেন।’এর বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, এ ক্ষেত্রে নির্দেশনা দেওয়ার সুযোগ নেই। আপিল বিভাগের এ ব্যাপারে সিদ্ধান্ত রয়েছে। তখন আদালত বলেন, জামিন দেওয়া হলে সেটা খারাপ নজির হয়ে থাকবে।