লোকমান হত্যাকাণ্ড: তিনজন ১৪ দিনের রিমান্ডে
নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজনের প্রত্যেকের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গ্রেপ্তার আরেকজনকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ নাজমুল হাসান শরীফ ওরফে কিলার শরীফ, আওলাদ হোসেন ও সারোয়ার হোসেনকে আদালতে হাজির করে অস্ত্র মামলায় চার দিন এবং হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। এ ছাড়া মীর দেলোয়ার হোসেনকে অস্ত্র মামলায় চার দিনের রিমান্ডে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়।বিচারক নিতাই চন্দ্র সাহা আবেদন অনুযায়ী প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ সদর দপ্তরের বিশেষ গোয়েন্দা দল গত রোববার রাতে ঢাকার খিলগাঁও থেকে নাজমুল হোসেন শরীফ ও আওলাদ হোসেনকে গ্রেপ্তার করে। এরপর সারোয়ারকে গাজীপুরের চাপুলিয়া বাজারের কাছে তাঁর শ্যালকের বাসা থেকে আটক করা হয়। ওই বাড়ি থেকেই খুনের সময় শরীফের ব্যবহূত কালো শার্ট, গেঞ্জি ও মুখোশ (মাংকি ক্যাপ) উদ্ধার করা হয়।