লোকমান হত্যাকাণ্ড: বিএনপির নেতা নুরুল রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলার পাঁচ নম্বর আসামি নুরুল ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আজ সোমবার নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন।গোয়েন্দা পুলিশ আজ বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গতকাল রোববার দুপুরে নুরুল ইসলামকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করে অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশ।নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দর পুলিশ গতকাল নুরুল ইসলামকে গ্রেপ্তারের পর দুপুর আড়াইটার দিকে তাঁকে নরসিংদী গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। আজ বেলা সাড়ে ১১টার দিকে গোয়েন্দা পুলিশ তাঁকে মুখ্য বিচারিক হাকিমের আদালতে ওঠায়। এ সময় উপপরিদর্শক আশরাফুল ইসলাম তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান।নুরুল ইসলামের পক্ষে আবদুল কাদিরসহ ১০-১৫ জন আইনজীবী আদালতে তাঁর জামিন আবেদন জানান। পরে আদালতে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। লোকমান হোসেন গত বছরের ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহত লোকমানের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়।এ পর্যন্ত লোকমান হত্যা মামলায় নুরুল ইসলামসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ১৩ জন এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন মেয়াদের রিমান্ড শেষে ১৬৪ ধারায় লিখিত জবানবন্দি দিয়েছেন আটজন। গ্রেপ্তার এজাহারভুক্ত ১৩ আসামির মধ্যে ১১ জন এবং বাকি ১০ জনের মধ্যে দুজনসহ মোট ১৩ জন বর্তমানে জামিনে আছেন।