লোকমান হত্যাকাণ্ড: রিমান্ড শেষে কারাগারে মোন্তাজ উদ্দিন
লোকমান হত্যা মামলার আসামি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াকে আজ শনিবার রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলায় এজহারভুক্ত ৪ নম্বর আসামি তিনি।প্রথম দফার রিমান্ড শেষে পুলিশ নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিনকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আদালত এ ব্যাপারে শুনানির দিন পিছিয়ে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে লোকমান হত্যা মামলায় মোন্তাজ নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। বিচারক নিতাই চন্দ্র সাহা এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এক দিনের রিমান্ড শেষে আজ দুপুর সাড়ে ১২টায় কনিষ্ঠ বিচারিক হাকিম নিভানা খায়ের জেসির আদালতে তাঁকে হাজির করেন জেলা গোয়েন্দা পুলিশ। দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত এ সংশ্লিষ্ট বিষয়ে ২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করে মোন্তাজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।