লোকমান হত্যার আসামি মোনতাজ রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত চার নম্বর আসামি ও শহর আওয়ামী লীগের সভাপতি মোনতাজ উদ্দিন ভূঁইয়াকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে আত্মসমর্পণ করেন মোনতাজ। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ প্রথম আলো অনলাইনকে জানান, মোনতাজকে জিজ্ঞাসাবাদ করতে ডিবি পুলিশ আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। দুপুরে শুনানি শেষে আদালত একদিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত দুইটা থেকে মোনতাজ নরসিংদীতে অবস্থান করছিলেন। পারিবারিক ও দলীয় সিদ্ধান্তে তিনি আত্মসমর্পণ করেন।মোনতাজ আদালতে আত্মসমর্পণের পর সাংবাদিকদের বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। পৌর নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারি সে জন্য আমাকে এ মামলায় জড়ানো হয়েছে। আশা করছি, আমি নির্বাচন করতে পারব।’নরসিংদীর পৌরসভার মেয়র নির্বাচনে মনোনয়ন দাখিল করেছিলেন মোনতাজ। তবে স্বাক্ষরে মিল না থাকায় তাঁর আবেদন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। নরসিংদীর জনপ্রিয় মেয়র লোকমান গত ১ নভেম্বর শহরের জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের নামে একটি হত্যা দায়ের করেন।