লোকমান হত্যার তদন্তে ভুল হয়ে থাকলে সেটা সংশোধন হয়েছে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম দাবি করেছেন, নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যার তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। তিনি বলেন, ‘এখানে কাউকে খাতির করা হবে না। খাতির করার প্রশ্নই ওঠে না। যদি প্রথম দিকে ভুল হয়েও থাকে, সেটা সংশোধন করা হয়েছে।’ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলার আয়োজনে ‘জননেত্রী শেখ হাসিনার কল্যাণের রাজনীতি ও বিএনপির দেশ ধ্বংসের রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।আলোচনায় অংশ নিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘একদলীয় নির্বাচন হবে না। আওয়ামী লীগ একদলীয় নির্বাচনে বিশ্বাস করে না।’যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘শেখ হাসিনা জ্বলন্ত আগুনে হাত দিয়েছেন আগুন নেভানোর জন্য। আমার সে আগুন নেভাব, না হয় সে আগুন আমাদের পুড়িয়ে মারবে। ওরা আমাদের ছেড়ে দেবে ভাবলে ভুল করব। ওদের অর্থশক্তি আছে, পেশিশক্তি আছে।’আওয়ামী লীগের সবাইকে তিনি ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।উল্লেখ্য, নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনকে হত্যার পরিকল্পনায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ভাই সালাউদ্দিন আহমেদ ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মাসুদুর রহমান ওরফে মুরাদ যুক্ত ছিলেন বলে তথ্য পেয়েছে পুলিশ।মামলার বাদী ও নিহত লোকমানের ভাই কামরুজ্জামান অভিযোগ করেছিলেন, লোকমানকে হত্যা করতে মন্ত্রীর ভাই সালাউদ্দিন যে পরিকল্পনা ও বৈঠক করেছিলেন, ঘটনার আগেই তা লোকমান জানতে পেরেছিলেন। তিনি এ কথা তাঁর স্ত্রীকেও বলেছিলেন।লোকমানের স্ত্রী তামান্না নুসরাত প্রথম আলোকে বলেন, ২৭ অক্টোবর অজ্ঞাতনামা এক ব্যক্তি লোকমানকে মোবাইল ফোনে খুনের পরিকল্পনার কথা জানান। লোকমান তা ওই দিনই পুলিশকে জানিয়েছিলেন।প্রসঙ্গত, লোকমান হত্যার রাতেই পুলিশ বিএনপির নেতা খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে। কিন্তু লোকমানের পরিবারের সদস্যদের দায়ের করা এফআইআরে আসামি হিসেবে তাঁর নাম ছিল না। তিনি ইতিমধ্যে আদালতের নির্দেশে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।