লোকমান হত্যার বিচার চেয়ে ২৫ কিলোমিটার মানববন্ধন
নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও খুনিদের বিচারের দাবিতে আজ বুধবার মানববন্ধন হয়েছে। জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে এই মানববন্ধনে হাজার হাজার লোক অংশ নেয়। ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর মাধবদী থেকে শিবপুরের ইটাখোলা পর্যন্ত দীর্ঘ ২৫ কিলোমিটার এলাকায় এ মানববন্ধন হয়। মানববন্ধনটি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে। এতে নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে দল-মত নির্বিশেষে বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের নারী-পুরুষ অংশ নেয়। তারা এ সময় মেয়র লোকমান হত্যার বিচারের দাবিতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা, মামলার বাদী ও নিহতের ছোট ভাই কামরুজ্জামান, মা মাজেদা বেগম, স্ত্রী তামান্না নুসরাত বুবলী প্রমুখ।মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে লোকমানের স্ত্রী তামান্না নুসরাত বুবলী বলেন, ‘টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুকে অপসারণ না করা হলে মেয়র লোকমান হোসেনের হত্যার নিরপেক্ষ বিচার বাধাগ্রস্ত হবে।’ তিনি মন্ত্রীর অপসারণ এবং হত্যার পরিকল্পনাকারী ও খুনিদের ফাঁসি কার্যকর করার দাবি জানান। দাবি না মানলে কাফনের কাপড় পরে রাস্তায় নামার ঘোষণা দেন তিনি।প্রসঙ্গত, গত ১ নভেম্বর রাত আটটার দিকে সন্ত্রাসীদের গুলিতে লোকমান হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ হত্যা মামলা করেন।