লোকমান হাকিমের পরামর্শ ও ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্রিষ্টপূর্ব মধ্যপ্রাচ্যে লোকমান নামে একজন বিজ্ঞ লোক ছিলেন, যে জন্য মানুষেরা তাঁকে হাকিম বলে ডাকত। এই লোকমান হাকিমকে একজন জিজ্ঞেস করলেন, আদব শিখব কার কাছে? তিনি বললেন, বেয়াদবের কাছে! বুঝিয়ে বললেন, বেয়াদব যা করে তা করতে হবে না এবং কখনো কখনো সেটা থেকেই নির্দেশনা পাওয়া যাবে কী করতে হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে অবস্থা, সেটা আমাদের লোকমান হাকিমের এই বিখ্যাত উক্তিটিকেই স্মরণ করিয়ে দেয়। আমাদের রাজনীতিতে গলাবাজি, চাপাবাজি, চাঁদাবাজি, দখলবাজি—এগুলোর প্রভাব অত্যন্ত প্রকট। গলাবাজিতে পারদর্শী আমাদের নেতা-নেত্রীদের উচ্চকণ্ঠ ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমাদের কানে পৌঁছায়। এগুলো লক্ষ করলে দেখা যাবে, এখানে এক জাতীয় অতীতমুখিনতা, পরশ্রীকাতরতা ও দায়বদ্ধহীনতার নানাভাবে নানা প্রকাশ ঘটে থাকে। রাজনীতি যদি জনস্বার্থে হয়, তাহলে নানাবিধ উচ্চারণে জনগণকে উজ্জীবিত করতে হয় ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে। বর্তমানের উচ্চকণ্ঠ সাধারণভাবে নেতিবাচক এবং অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বিশেষভাবে লক্ষণীয়।রাজনীতিকে আজকাল একটা বিনিয়োগের ক্ষেত্র বলে মনে করা হয়। অতীতে এটা ছিল জনসেবা এবং জনস্বার্থ রক্ষার ক্ষেত্র। সে কারণে শেরেবাংলা দেউলিয়া হয়েছিলেন, বঙ্গবন্ধুও বিলাসী জীবনের মুখ দেখেননি। কিন্তু বর্তমানে যাঁরাই রাজনীতি করেন, তাঁরা মনে করেন যে এর মাধ্যমে প্রাপ্তি হবে অনেক। সে কারণে বিভিন্ন নির্বাচনে অর্থ ব্যয়ের যে পরিমাণ দেখা যায়, সে জন্য সাধারণ জনসেবকদের আতঙ্কিত হওয়ার যথেষ্ট মনস্তাপ আছে। এই বিনিয়োগ করার পরে বিনিয়োগের টাকা দ্রুত তুলে আনার একটা প্রবণতা বিশেষভাবে লক্ষণীয়। এ জন্যই তাঁরা নানা রকমের বাণিজ্যে নেমে পড়েন। এটাতে ব্যবসা-বাণিজ্য, ব্যাংক-বাণিজ্য, বিভিন্ন রকমের আনুকূল্য-বাণিজ্য ছাড়াও কোনো কোনো জনপ্রতিনিধিকে আদম ব্যাপারির কাজ করতেও দেখা যায়। এই প্রবণতা তৃণমূল থেকে একেবারে শীর্ষ পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। এঁরা নিজেদের সম্পদ সম্পর্কে তথ্য দিতে আগ্রহী হন না, বরং আয়করে যে তথ্যবিবরণী দিয়ে থাকেন বলা হয়, সেগুলো কতটুকু সঠিক, তা নিয়ে নানা প্রশ্ন জনমনে আছে। এই ব্যবসায়ী মানসিকতা বিস্তৃত হয়েছে তাঁদের সমর্থনকারী নানা গোষ্ঠীর ভেতর। এ জন্য রাস্তাঘাটে ইউনিয়ন পরিষদ থেকে ঢাকা মহানগর পর্যন্ত বিভিন্ন পোস্টার-ব্যানারে রাজনৈতিক তোষামোদের এক জাতীয় নতুন সংস্কৃতি আমাদের চোখে পড়ে। এটা কেবল দৃষ্টিদূষণ নয়, এটি অপসংস্কৃতির অঙ্গ। অধ্যাপক আবদুল হাই ষাটের দশকে রাজনীতি ও তোষামোদের ভাষা নামে একটা বই রচনা করেছিলেন। তিনি আজ বেঁচে থাকলে ওই বইটি আমূল পরিবর্তন করতে বাধ্য হতেন। আজকে সরকার তথ্য অধিকার আইন পাস করলেও মানুষের তথ্য পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। যার ফলে প্রশাসনে এক প্রকার নতজানু মানসিকতা এই রাজনীতির বর্তমান বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলিত হয়ে আমাদের জীবন সংস্কৃতিতে সত্য ও ন্যায়ের অবস্থান দুর্বল করে দিয়েছে। বর্তমানে রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রীকরণ বিশেষভাবে লক্ষণীয়, অতীতে একটি নিম্নপর্যায়ের সরকারি কর্মকর্তা নিয়মানুযায়ী সাহসের সঙ্গে যে সিদ্ধান্ত নিতে পারতেন, আজকে ওপরের সরকারি কর্মকর্তা সেই সিদ্ধান্ত নিতে অনেক সময়ই অপারগ বলে জানা গেছে। দায় এড়াতে নিম্নপর্যায়ের কর্মচারী তাই সিদ্ধান্তের দায়িত্ব ক্রমান্বয়ে ওপরের দিকে ঠেলতে থাকেন। আর ওপর থেকে রাজনৈতিক সিদ্ধান্ত সরকারের কর্মপ্রণালিবিধি ভঙ্গ করে নানাভাবে চাপিয়ে দেওয়া হয়। নিচের থেকে দায় এড়ানোর যে ঊর্ধ্বমুখিনতা এবং ওপর থেকে অকারণে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, রাজনৈতিক স্বেচ্ছাচারিতার মাধ্যমে এমন এক নৈরাজ্যের সৃষ্টি করেছে, যা কেবল স্বৈরাচারী বা ব্যক্তিকেন্দ্রিক শাসনেই সম্ভব হয়ে ওঠে। দায়বদ্ধ প্রশাসনে এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতিতে যেটা কখনোই সম্ভব হতে পারে না। আমরা লক্ষ করি, সাংসদেরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যে রকম হস্তক্ষেপ করছেন এবং কখনো কখনো জনপ্রতিনিধিরা যেভাবে সরকারি কর্মকর্তার ওপর চড়াও হয়েছেন, সেটা কোনো গণতান্ত্রিক দায়বদ্ধ প্রশাসনে সম্ভব হতো বলে মনে করার কারণ নেই। সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবু আমরা লক্ষ করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি সাধারণ মানুষের ওপর প্রয়োগ করে, কিন্তু যাঁরা তাঁদের কর্মকে নানাভাবে প্রভাবিত করেন এবং আইন অনুযায়ী কাজ করা থেকে বিরত রাখতে বাধ্য করেন, তাঁদের বিরুদ্ধে কখনোই কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় না। এর কারণ, রাজনীতিবিদের সর্বব্যাপী ক্ষমতায়নের প্রভাব। ফলে ভূমি গ্রাস হয়, নদী ভরাট হয়, অসহায় মানুষ বাড়িছাড়া হয়, শিক্ষক প্রহূত হন, ব্যাংকার অফিস থেকে পালান, নারী নির্যাতন হয়, চিকিৎসক কর্মস্থলে কাজ করতে পারেন না—এসব ঘটনাই সংবাদপত্রে প্রতিদিন আসে। জনপ্রতিনিধিদের আচরণবিধি বলে কিছু নেই এবং এ জন্য একটি প্রচেষ্টা সংসদে ঝুলে আছে। এই প্রচেষ্টা ছিল সাংসদদের ক্ষেত্রে; সাংসদেরা এই আচরণবিধি মেনে চললে নিম্নপর্যায়ের জনপ্রতিনিধিরাও তেমনি একটা আচরণের আবর্তে আসতে পারতেন।কেন্দ্রীভবনের একটি প্রভাব হলো নিম্নপর্যায়ের অসহায়ত্ব। এই অসহায় অবস্থা থেকে রক্ষা করার জন্য বিকেন্দ্রীকৃত প্রশাসন যে কতটা প্রয়োজন, সেটা সব গ্রামবাসী জানেন। কারণ, তাঁদের ভোগান্তিই বেশি। স্থানীয় পর্যায়ের সমস্যা স্থানীয় পর্যায়েই সমাধান করা হয় না, ফলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন স্থানীয় পর্যায়ে অসহনীয়রূপে বিস্তার লাভ করেছে। এখানে নানা প্রকার জনপ্রতিনিধিদের তথাকথিত সমর্থকগোষ্ঠী জনজীবনে এমন দুর্ভোগ আনে যে এ ব্যাপারে বিচার চাওয়ার সুযোগও আজ নষ্ট হয়ে গেছে। থানায় গেলে মামলা নেয় না। বলে, ‘ওপরের হুকুম নাই’, সরকারি অফিসে গেলে তাকে নানাভাবে ঘুরতে হয়। এর ওপর আছে সমর্থক বাহিনীদের হুমকি এবং চাঁদাবাজি ছাড়াও সালিসের মাধ্যমে অপমান করার নানা চেষ্টা। গ্রামের সালিস একসময় মানুষকে স্বস্তি দিত, এখন এটা অত্যাচারের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কারণ, এখানেও রাজনীতি ঢুকেছে। গ্রামের পর্যায়ে নারী নির্যাতনের একটি প্রধান ক্ষেত্র এই সালিস-বিচার। আমরা যখন বিকল্প বিচারব্যবস্থার কথা ভাবছি এবং এ সম্পর্কে আইন করেছি, তখন রাজনীতির এই বাস্তবতা এর সম্ভাব্যতা সম্পর্কে আমাদের প্রশ্নবিদ্ধ করে তোলে।রাজনীতির আরেকটি বিচিত্র চিত্রায়ণ হলো অঙ্গসংগঠন। যেকোনো নামেই একটি অঙ্গসংগঠন গড়ে তোলা যায়। ছাত্র, শিক্ষক, পেশাজীবী, বুদ্ধিজীবী, চিকিৎসক, উকিল, মৎস্যজীবী, কৃষিজীবী, মজুর, শ্রমিক, সাংবাদিক— এমন কিছু বাদ নেই, যার মধ্যে রাজনৈতিক অবস্থানে থেকে একটি দল সৃষ্টি করা হয়নি। এর ফলে আগে যখন ‘দুনিয়ার মজদুর এক হও’ বলা হতো, তার যে শ্রেণী-সংশ্লেষ, সেটি আজ অনুপস্থিত। এখন এসব অঙ্গসংগঠনকে ব্যবহার করা হয় নানা প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে এবং এর পেছনেও থাকে অর্থের বিনিময়। যার ফলে আদর্শের কোনো বিবেচনা এখানে দেখা যায় না এবং অধিকারের দাবিও তেমনিভাবে উচ্চারিত হয় না। সাধারণ মানুষ এক হিসেবে অত্যন্ত রাজনীতিসচেতন। তাঁরা কথা বলেন, হতাশা প্রকাশ করেন, নানা বিষয়ে সমালোচনা করেন। কিন্তু তাঁদের সামনে বিকল্প কোনো পন্থা নেই। কারণ, আমরা মুক্তবুদ্ধির চর্চা থেকে সরে এসে এখন স্বার্থবুদ্ধির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি। ক্ষমতাধরের স্বার্থবুদ্ধি একটি ক্ষুদ্র আবর্তে ঘুরতে থাকে, তার ভেতর সাধারণ মানুষের প্রবেশ করার বিশেষ কোনো সুযোগ বা সুবিধা নেই। সাধারণ মানুষকে নেতৃত্ব দিয়ে একত্র করে তাদের ন্যায্য জীবন ও জীবিকার দাবি সম্মিলিত কণ্ঠে উচ্চারণের কোনো উদ্যোগ এ দেশের রাজনীতিতে দেখা যায় না। গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্নমত ভিন্ন স্বর একটি প্রয়োজনীয় শর্ত। কিন্তু রাজনৈতিক অসহিষ্ণুতা প্রতিবাদী কণ্ঠকে রুদ্ধ করতে ঔপনিবেশিক শাসনের চেয়েও বেশি সক্রিয়।আমাদের রাজনীতি আজ উচ্চ-মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের মধ্যেই আবর্তিত হচ্ছে। সাধারণ মানুষের অবস্থান প্রান্তিক এবং তাদের কাছে নির্বাচনের সময় কিছু প্রাপ্তি ও প্রতিশ্রুতি পাওয়াটুকুই সান্ত্বনা। তাদের মধ্য থেকে নেতৃত্ব উঠে আসার যেকোনো প্রচেষ্টা এই ক্ষমতাধর শ্রেণী বিনষ্ট করে দেয় নানাভাবে। এখানে আছে কাল্পনিক ইতিহাসের মোহ, ধর্মের নানা রকম ব্যবহার এবং শিক্ষার মাধ্যমে যুক্তিভিত্তিক চিন্তার বিকাশ নিশ্চিত না করার নানা রকমের প্রয়াস। শিক্ষাবঞ্চিত শ্রেণী তো আছেই। কিন্তু শিক্ষার নামে আমরা যা দিচ্ছি, সেটা সাধারণ মানুষের চিন্তা-চেতনাকে কতটুকু যুক্তিনির্ভর করে এবং কীভাবে তাকে অধিকার-চেতনায় ঋদ্ধ করে, সেটা কোনো রাজনৈতিক নীতি বিবেচনায় কেউ কখনো ভেবে দেখেন বলে আমার মনে হয় না। মানুষকে যে আমরা ভালোবাসিনি, তার প্রমাণ নারী নির্যাতনে, শিশু নির্যাতনে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা কার্যকলাপে এবং জনপ্রতিনিধিদের স্থানীয় পর্যায়ে ভিন্নমতের মানুষের ওপর আক্রমণে দৃশ্যমান। এর পেছনে আছে ক্ষমতার দর্প, ক্ষুদ্র স্বার্থ এবং হীনম্মন্যতা। বর্তমান রাজনৈতিক অঙ্গনে পরিবারতন্ত্র একটি অতি আলোচিত বিষয়। এটা কেবল শীর্ষের দুই পরিবারের ব্যাপার নয়। এর প্রসার তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছেছে। একটি ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অথবা সিটি করপোরেশনের যিনি যত পরিমাণ আধিপত্য বিস্তার করে থাকেন, তিনি বিভিন্ন দল থেকে অনানুষ্ঠানিকভাবে মনোনয়ন হাতিয়ে নেন। এটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, সাংসদ—সবার সম্পর্কেই বলা চলে। এর ফলে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক জায়গিরদারি প্রথার সৃষ্টি হয়েছে। যখন জাতীয় পর্যায়ে ক্ষমতার বদল হয় তখন এক জায়গিরদারের স্থানে অন্য জায়গিরদার আসেন। পরিবারতন্ত্রের কারণে আমরা দেখি, ক্ষমতাধরেরা দলের অঙ্গসংগঠনের নেতৃত্বে আত্মীয়স্বজনকে বসান এবং নির্বাচিত স্থানীয় সরকারেও তাঁরা এমনটি ঘটাতে ব্যস্ত থাকেন। এই যে জায়গিরতন্ত্র, এটি গণতন্ত্রের পরিচয় বহন করতে পারে না। এটা এককালের হুন্ডা-ডান্ডা-গুন্ডা যে স্বৈরশাসনের জন্ম দিয়েছিল, তারই নতুন রূপ। গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হলে জনগণকে প্রকৃত অর্থে ক্ষমতায়িত করতে হবে এবং এখানে জায়গিরতন্ত্রের কোনো স্থান থাকতে পারে না। আমাদের রাজনীতিতে আজ বিদ্বেষ এক বিশিষ্ট স্থান করে রেখেছে। এটা কেবল পরমতসহিষ্ণুতার অভাব নয়, এটি রাষ্ট্রক্ষমতা চিরকালের জন্য ধরে রাখার উদ্দেশ্যে ভিন্নমতাবলম্বীদের নির্মূল করার মানসিকতার প্রকাশ। এখানে আইনের শাসন অনেক সময়ই বিঘ্নিত হয়। পুলিশের ৫৪ ধারা এবং বিভিন্ন মামলায় নথিভুক্ত করে লেখা যে ‘আরও অনেকে’—এই ফাঁকে নানা মানুষ রিমান্ড ও অত্যাচারের সম্মুখীন হন। এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইমমিউনিটি (দায়মুক্তি) পাওয়া অবস্থান। তারা ইমপিউনিটির (সাজার ভয়মুক্ত হয়ে) সঙ্গে কাজ করে। সাম্প্রতিক কালে লিমন ও কবিরের ঘটনা এমনকি আমিনবাজারের ছয় ছাত্রের মৃত্যু এই অবস্থানের দিকে দৃষ্টি আকর্ষণ করে। যখন রাজনীতিতে বিদ্বেষ ও প্রতিহিংসা প্রবল হয়, তখন প্রশাসনিক শাখাগুলো রাজনীতির হাতিয়ার হয়ে ওঠে এবং তারা ক্ষমতাসীনদের তুষ্ট করতে নানা রকমের কর্ম করে, যেটি গণতান্ত্রিক ভিন্নমতকে বিকশিত হওয়ার পথে বাধার সৃষ্টি করে। রাজনীতি থেকে প্রতিহিংসার মনোবৃত্তি দূর না হলে আমরা গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ দেখতে পাব না। রাষ্ট্রের আরেকটি ভিত্তি হিসেবে মিডিয়াকে গণ্য করা হয়। আজকে মিডিয়ার বাণিজ্যিকীকরণ এবং রাজনৈতিকীকরণ ঘটেছে। পঞ্চাশ ও ষাটের দশকে যে সাংবাদিকেরা আমাদের স্বাধিকার আন্দোলনকে নানাভাবে সোচ্চার হতে সাহায্য করেছেন এবং সত্য ও ন্যায়ের জন্য জীবন বাজি রেখে ঝুঁকিপূর্ণ কাজ তাঁরা করেছেন, তাঁদের উত্তরসূরিদের মধ্যে দেশ ও জনস্বার্থে এমন সাহসী পদক্ষেপ নেওয়ার নেতৃত্ব অনুপস্থিত বলেই মনে হয়। মিডিয়ায় আজ ব্যবসা-বাণিজ্য অথবা রাজনৈতিক স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। এ কারণে মানুষের সত্যসন্ধ বিবেকী মন নানা প্রশ্নের সম্মুখীন হয়েও তার প্রকৃত উত্তর খুঁজে পায় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মতভিন্নতার যে অবস্থান, যুক্তিবাদিতার যে প্রয়োজন এবং মুক্তচিন্তার যে আবাহন, সেটি মিডিয়ার মাধ্যমে জনগণের মানসিকতা সৃষ্টিতে আজ আর সহায়ক হয় না। আজকে মিডিয়ার যে অবস্থান, সেখানে এই গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি কতটুকু পূরণ করা হয়, সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। ওপরের আলোচনা থেকে আমি আমাদের রুগ্ণ রাজনীতির কিছু কিছু দিক তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সবাই গণতন্ত্র চাই। আমাদের সংবিধানে জনগণকে ক্ষমতার উৎস বলে উল্লেখ করা আছে। আমরা একটি দীর্ঘকালীন সংগ্রামের শেষে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন করেছি, যার লক্ষ্য ছিল এ দেশ থেকে বঞ্চনার অবসান এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে প্রশাসনিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে একটি সুষম সমাজ সৃষ্টির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এ জন্য সবচেয়ে প্রয়োজনীয় ছিল রাজনৈতিক ঐক্য। বঙ্গবন্ধু এই ঐক্যের সূচনা করেছিলেন একাত্তরে যারা মানবতার বিরুদ্ধে কাজ করেছিল, তাদের অনেককেই ক্ষমা করে দিয়ে। জাতীয় ঐক্য ছাড়া একটা দেশ দ্রুত উন্নতি করতে পারে না। আব্রাহাম লিংকন এবং বর্তমানকালে নেলসন ম্যান্ডেলা তার জাজ্বল্যমান উদাহরণ হয়ে আছেন।আমরা সেই রাজনীতিই চাইব, যে রাজনীতি আইনের শাসনের মাধ্যমে অপরাধীর অবশ্যই বিচার করবে। কিন্তু জাতীয় ঐক্য সৃষ্টিতে সেই রাজনীতি তৎপর থাকবে। ইতিহাস নিয়ে বিভাজন নানা দেশে নানাভাবে ঘটেছে। যুক্তরাষ্ট্রের উত্তর-দক্ষিণের বিভাজন, যুক্তরাজ্যে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিভাজন, সোভিয়েত ইউনিয়নের পূর্ব-পশ্চিম এমনকি উত্তর-দক্ষিণের বিভাজন, এমন নানা উদাহরণ আমাদের সামনে আছে। কিন্তু আমরা রাষ্ট্রনায়কদের দেখেছি, তাঁরা রাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখতে রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলো হয়তো তাৎক্ষণিকভাবে বিভক্ত মানুষের সবার সমর্থন পায়নি। কিন্তু ক্ষুদ্র চিন্তার ঊর্ধ্বে জাতীয় ভবিষ্যতের দীর্ঘকালে প্রসারিত চিন্তা ও দর্শনের আবাহন একটি দেশের উন্নয়নের ভিত্তি গড়ে দেয়। আমাদের রাজনীতির ভিত্তি হতে হবে ঐক্যচিন্তা, যার মধ্যে ন্যায়, ন্যায্যতা ও সমতা উৎকীর্ণ হয়ে থাকবে।আমরা দুই অঞ্চল থেকে একটি দেশে উত্তরণ করেছিলাম এই ঐক্যের সন্ধানে। এখানে বিভিন্নতা আছে কিন্তু ঐক্যের প্রয়াস নিশ্চিত হতে হবে। এখন সে দেশ একটা বিভাজিত সমাজে রূপান্তরিত হয়েছে, যে রূপান্তরের ক্ষেত্রে রাজনীতির একটা বিরাট ভূমিকা আছে। অন্য কথায় রাজনীতিই আমাদের বিভাজিত সমাজের জন্ম দিয়েছে এবং আজকে বিভাজিত সমাজকে লালন করছে। এই অসমদর্শী রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন এবং তার মূল হাতিয়ার হবে সব জনগণকে প্রকৃত অর্থে ক্ষমতায়িত করা। এ জন্য বাস্তব ক্ষেত্রে জনগণের কাছের সরকারকে শক্তিশালী করতে হবে। মুখে শক্তিশালী স্থানীয় সরকারের কথা বলা হলেও বৃহৎ কোনো রাজনৈতিক দল এ ব্যাপারে বাস্তবে কোনো পদক্ষেপ না নিয়ে, বরং কেন্দ্রকে ক্ষমতায়িত করার অবস্থানে থেকেছে। ফলে সাধারণ মানুষের ক্ষমতায়ন ঘটেনি। বরং সম্পদ থেকে বঞ্চিত হয়ে তাঁরা নিঃস্ব হয়েছেন, যা দুর্নীতিগ্রস্ত সামাজিক নিরাপত্তা জাল অথবা বিভক্তভাবে বণ্টিত ক্ষুদ্রঋণ-ব্যবস্থা, সেই কাঙ্ক্ষিত সমাজের দিকে আমাদের এগিয়ে নিতে সহায়তা করেনি। এখানেও বিভাজিত রাজনীতির হস্তক্ষেপ রয়েছে। আমরা প্রশাসনকে দেখেছি নিরপেক্ষ না থেকে নতজানু অবস্থান গ্রহণে ক্রমান্বয়ে অভ্যস্ত হয়ে উঠতে। এটাও রাজনীতির একটা প্রতিফলিত স্খলন।আমরা সংসদকেও অকার্যকর করে রেখেছি কতগুলো সাংবিধানিক বিধি, দলীয় আচরণের অলিখিত ব্যবস্থা এবং শক্তিশালী একক নেতৃত্বের কারণে। আমরা যদি সুস্থ রাজনীতি চাই, তাহলে দ্রুত কিছু কিছু পদক্ষেপ নিয়ে আমাদের স্খলনগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আজ কিছু লোকের উচ্চকণ্ঠ উচ্চারণের পরিবর্তে সাধারণ মানুষের সহস্র কণ্ঠ ঐক্যবদ্ধ উচ্চারণ গণতন্ত্রকে বহুদূর নিয়ে যেতে পারে। অতীতমুখী রাজনীতি থেকে বেরিয়ে এসে ভবিষ্যৎ গড়ার কারিগর সৃষ্টি করলে আমাদের তরুণ নেতৃত্ব এ দেশকে বদলে দিতে পারে এবং সেখানে রাজনৈতিক বিভাজন কার্যকর থাকলে সে স্বপ্ন বাস্তবায়িত হবে না। দায়বদ্ধহীন রাজনীতি আমাদের নানাভাবে লুণ্ঠনবৃত্তির লুম্পেন চরিত্রের বিকাশ ঘটাতে সহায়তা করছে। দলের ভেতর এবং জনগণের কাছে আত্মসমালোচনার স্বচ্ছ ও প্রকৃত বিকাশ না ঘটালে আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করতে অপারগ হব। গণতন্ত্রের বিকাশে পরমতসহিষ্ণুতা একটি প্রয়োজনীয় শর্ত এবং সেখানে চরিত্র হনন ও পরশ্রীকাতরতা রাজনীতিকে সে পথে উত্তরণে বাধাগ্রস্ত করে। আশা করব, ভবিষ্যতের তরুণদের রাজনীতি এই পদলেহী, তোষামোদি, ক্ষুদ্র মানসিকতার ঊর্ধ্বে উঠে ইতিবাচকভাবে জনস্বার্থে নিজেদের আত্মনিয়োগ করবে, তাহলেই বর্তমানের নেতিবাচক অবস্থান থেকে আমরা অনেকটা মুক্ত হব বলে আমার বিশ্বাস।মোজাফ্ফর আহমদ: অর্থনীতিবিদ।