শালিক পাখি কে না চেনে। ‘এক শালিকে দুঃখ, দুই শালিকে সুখ।’ শালিক নিয়ে এ ধরনের জনপ্রিয় শ্লোক চালু আছে লোকমুখে। শহর থেকে গ্রাম—আমাদের দেশের সর্বত্র যেসব পাখি সবচেয়ে বেশি চোখে পড়ে, শালিক তার অন্যতম। তীক্ষকণ্ঠে কিচিরমিচির করে। মাঠে-ময়দানে খুঁটে খুঁটে পোকামাকড় খায়। বাড়ির চালে, কাপড় শুকাতে দেওয়ার তারে এসে বসে। অন্য পাখির তুলনায় ভয়ডর একটু কম। উঠোনে খুদকুঁড়ো বা ভাত ছড়িয়ে দিলে ঘরে পোষা হাঁস-মুরগির দলের সঙ্গে দিব্যি এসে তাদের খাবারে ভাগ বসায়। হলুদ ঠোঁট, পা টানা টানা চোখের গাঢ় বাদামি পাখিটি তাই একসময় কেমন করে যেন সুখ-দুঃখের প্রতীক হয়ে উঠেছিল লোকমানসে।শালিকের বেশ কয়েকটি প্রজাতি আছে। ভাতশালিক, গোশালিক, ঝুঁটিশালিক ইত্যাদি। তবে সচরাচর শালিক বলতে ভাতশালিককেই বোঝায়।সুদূর সিঙ্গাপুরের ঝাঁ-চকচকে ক্লার্কি কুই পর্যটনকেন্দ্রের রেস্তোরাঁর পাশে আমাদের দেশের ভাতশালিক দেখে তো প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক খন্দকার ফকরউদ্দীন রীতিমতো অবাক। তাকে ক্যামেরাবন্দী করতে কালবিলম্ব করলেন না তিনি। আসলে এ রকমই হয়, বিদেশ-বিভুঁইয়ে। সেখানে নিজের ভাষায় কাউকে কথা বলতে দেখলে তাকে মনে হয়, ‘আপনার চেয়ে আপন যে জন।’ তখন প্রাণ জুড়িয়ে যায় মাতৃভাষায়। নিজ দেশের চেনা গাছপালা, পাখপাখালি দেখলেও জেগে ওঠে একই রকম আত্মীয়তার অনুভূতি। না হলে দেশে যে শালিক চোখের সামনে হরহামেশা যথেচ্ছ ঘুরে বেড়ায়, ভালো করে তাকানোরই খেয়াল থাকে না—প্রবাসে সেই শালিক দেখে তার ছবি তোলার এত ব্যাকুলতা কেন! মূলে হলো দেশের টান।সে না-হয় হলো। কিন্তু শালিক পক্ষীটিও কি বেড়াতে গিয়েছিল সিঙ্গাপুরে? পাখির অবশ্য সুবিধা আছে। তাদের পাসপোর্ট-ভিসা, বিমানের টিকিট এসবের ঝক্কি নেই। ডানা মেলে দিলেই হলো। মনের আনন্দে যেখানে খুশি নীল আকাশ বেয়ে চলে গেলেই চলে। যায়ও তো অনেকে। প্রতিবছর সেই কোন সাইবেরিয়া কিংবা আরও দূর-দূরান্তের মহাদেশ থেকে কত হাজার হাজার পাখি চলে আসে আমাদের দেশে। আমাদের দেশ থেকে চলে যায় আরও কোনো সুদূরের দেশে। যাযাবর নামই হয়ে গেছে সেসব পাখির। শালিক অবশ্য সেই দলের নয়। ডানা থাকলেও অত দূর পাড়ি দিতে যায় না। নিজ দেশেই বাচ্চাকাচ্চা নিয়ে সদলবলে থাকে তারা মনের সুখে।শালিক sturnidae বংশের পাখি। ১৭ থেকে ৩২ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে শালিক। বিশ্বজুড়েই শালিকের নানা প্রজাতি ছড়িয়ে আছে। এ জন্যই সিঙ্গাপুরেও ভাতশালিক দেখা গেছে। তবে সেখানে গোশালিক পাওয়া যাবে না। গোশালিক হচ্ছে আমাদের দেশের নিজস্ব শালিক। এই দুটো শালিক ছাড়াও আমাদের দেশে আরও আছে ঝুঁটিশালিক, গাঙ-শালিক, কাঠশালিক ও বামন শালিক। ভাতশালিকের বৈজ্ঞানিক নাম Acridotheres Tristis.গাঢ় বাদামি, বুক কালো, মাথাও কালচে। চোখের চারপাশে পালকহীন হলুদ ত্বক। লেজের তলা সাদা, ডানার ওপরে সাদাকালো ছোপ। খুবই সাহসী পাখি। মাটিতে পা ঘষে ঘষে চমৎকার ভঙ্গিতে দুলে দুলে হাঁটে। অন্য শালিকেরা একটু মানুষের বসতবাড়ির কাছে না এলেও ভাতশালিক চলে আসে অবলীলায়। ভেতো বাঙালির মতো ভাত খেতেও অভ্যস্ত বলেই হয়তো ভাতশালিক নাম তার। অন্য শালিক সাধারণত ভাত খায় না। ভাত ছাড়া আর সব শালিকেরই খাদ্যতালিকা অভিন্ন। ধান, গম, পোকামাকড়, বট-অশ্বত্থফল, শিমুল-মাদারের মধু এসব তাদের প্রিয়। ভাতশালিক বাসা বাঁধে গাছের কোটর, দালানকোঠার ফাঁকফোকরে। বছরে এরা একাধিকবার বাচ্চা দেয়। ভাতশালিক গায়ক পাখি। দল বেঁধে থাকে। সবাই মিলে অনবরত কলরব করে মুখর করে রাখে পরিবেশ। শালিক পোষ মানে এবং শেখালে মানুষের বুলিও শেখে। শালিকের খুব ভক্ত ছিলেন জীবনানন্দ দাশ। মৃত্যুর পরও তিনি মধুকূপী ঘাসে ছাওয়া, অশ্বত্থ-বটে-জারুলের ছায়ায় ঢাকা, জলাঙ্গীর জলে ধোওয়া এই বাংলায় তিনি ফিরতে চেয়েছিলেন ‘শঙ্খচিল শালিখের বেশে’। সে কথা শুনে সবাই বললেন—আহা আহা, বেশ বেশ। তারপর যখন লিখলেন ‘দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে/ ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে/ নেচে চলে...’ তখন হইহই কাণ্ড কবি কাব্যানুরাগী মহলে। বিদগ্ধ সমালোচকেরা কঠিন কঠিন বাক্যে সমালোচনা করে বললেন, কবিতার কোমল- পেলব-লাবণ্যময়-সুষমামণ্ডিত ভুবনে ‘ঠ্যাং’-এর মতো অমার্জিত, কর্কশ শব্দের অনুপ্রবেশ? এ কী অনাচার! কাব্যানুরাগীদের হয়তো মনে পড়বে, সেসব সমালোচনার কথা। তার পরও মহাকালের বিচারে শালিকের ঠ্যাং যেমন টিকে গেছে তাঁর কবিতায়। তেমনি এই পরিবেশ বিপর্যয়ের যুগে টিকে গেছে শালিকও। টিকে থাকুক তারা আরও বহুকাল।