লোকমানের জানাজায় জনতার ঢল, হরতাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের গুলিতে নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের জানাজায় আজ বাদ আসর স্থানীয় মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় পুরো স্টেডিয়াম ও গ্যালারি পূর্ণ হয়ে লোকজনকে সড়কে অবস্থান নিতে হয়। পরে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।এদিকে লোকমান হোসেনের মৃত্যুর ঘটনায় ডাকা হরতাল আজ বুধবার সন্ধ্যা ছয়টার পর আবার শুরু হয়েছে। সকাল ছয়টা থেকে হরতাল পালিত হলেও তাঁর জানাজার জন্য জেলা ছাত্রলীগ ৭২ ঘণ্টার কয়েক ঘণ্টার জন্য হরতাল স্থগিত করেন।হরতালের শুরুতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন লোকমানের সমর্থকেরা। তাঁরা আন্তনগর ট্রেন এগারসিন্দুরে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করেন। আগুনে পুড়ে গেছে ট্রেনের নয়টি বগি। তবে এ হরতালে কারণে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ। এদিকে এ হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি, তবে প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, হরতাল সফল করতে সকাল আটটা থেকে হাজার হাজার সমর্থক ঢাকা-সিলেট মহাসড়ক, রেলওয়ে স্টেশন এবং শহরের মূল সড়কগুলোতে অবস্থান নেয়। পাড়া-মহল্লা থেকে বের হওয়া খণ্ড খণ্ড মিছিলে নারী-পুরুষ সবাই অংশ নেয়। হরতালের কারণে শহরের সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র্যাব-পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক শ সদস্য সতর্ক প্রহরায় ছিল।আন্তনগর এগারসিন্দুর ট্রেনে আগুন ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তনগর এগারসিন্দুর ট্রেনটি সকাল ১০টার দিকে নরসিংদী স্টেশন অভিমুখে যাওয়ামাত্র লাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে এবং ইটপাটকেল ছুড়ে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। তার পর বিক্ষুব্ধ লোকজন ট্রেনের মাঝের একটি বগিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা জানালা ও দরজা দিয়ে বের হয়ে দূরে অবস্থান নেয়। একপর্যায়ে আগুন অন্য বগিতে ছড়িয়ে পড়ে। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর নরসিংদী সদর ও পলাশ থানা থেকে দমকল বাহিনীর সদস্যরা পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ফলে সকাল ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জসহ পূর্বাঞ্চলীয় রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।নরসিংদী রেলওয়ে স্টেশনমাস্টার মরণ চাঁদ বলেন, ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট তদন্ত দল গঠন করা হয়েছে। জানাজায় জনতার ঢললোকমান হোসেনের নামাজে জানাজায় নরসিংদী, পার্শ্ববর্তী ভৈরব ও নারায়ণগঞ্জের রুপগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষসহ অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা, সাংসদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা।জানাজার নামাজের আগে মাহবুব উল আলম হানিফ বলেন, সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করে দ্রুত আইনের মুখোমুখি করতে হবে।গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠক করার সময় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে মেয়র লোকমান হোসেন গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১১টার দিকে তিনি মারা যান।