লোকমানের বাড়ির সামনে ছাত্রলীগের নেতাকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের গুলিতে নিহত নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেনের বাড়ির সামনে তাঁর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম কাইয়ুমকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এ সময় দুজন ব্যক্তি আহত হয়েছেন। কাইয়ুম কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের বাসাইল এলাকায় এ ঘটনা ঘটে।এর আগে গতকাল দুপুরে লোকমানের বাড়ির পাশের পরিত্যক্ত জায়গা থেকে বোমাসদৃশ চারটি বস্তু উদ্ধার করে পুলিশ। মেয়রের বাড়িতে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও বাড়ির আশপাশে এ ধরনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে মেয়রের পরিবার।হামলার শিকার কাইয়ুম বলেন, ‘আমি লোকমান ভাইয়ের বাড়ি থেকে রাত সাড়ে ১১টার দিকে বন্ধুদের নিয়ে বের হই। কিছুদূর যেতেই কয়েকজন দুষ্কৃতকারী আমাদের গতিরোধ করে। এদের মধ্যে একজন আমাকে লক্ষ্য করে গুলি ছুড়লেও গুলি বের হয়নি। আমার সঙ্গে থাকা লোকজন দুই হামলাকারীকে ধরে ফেললে তাঁরা পিস্তলের বাট দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।’ পিস্তলের বাটের আঘাতে আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি সিহাব ও বাবলু। তাঁদের জেলা হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।তবে হামলার পরপরই পুলিশ ওই বাড়ির সামনে অবস্থান নিয়েছে। লোকমানের ভাই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ এবং লোকমান হত্যা মামলার বাদী কামরুজ্জামান ওই বাড়িতেই রয়েছেন। নরসিংদী সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেন।নিহত লোকমান হোসেনের ভাই ও মামলার বাদী কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘লোকমান হত্যাকাণ্ডের প্রধান আসামি সালাউদ্দিন আহমেদকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এমনকি মামলার এজাহারভুক্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এ কারণেই তাঁরা আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে। তাঁরা আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা করার পরিকল্পনা করছে বলে আমাদের ধারণা।’গত মঙ্গলবার রাতে নরসিংদী আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে নিহত হন পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান। লোকমানের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ভাই সালাউদ্দিন আহমেদসহ ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আসামিদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী। লোকমান হত্যার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার জেলার পুলিশ সুপার আক্কাস উদ্দিন ভূঁইয়াকে প্রত্যাহার এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বিজয় বসাক ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এনামুল কবীরকে বদলির আদেশ দেওয়া হয়।