নরসিংদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান। গতকাল বৃহস্পতিবার লোকমানের মা আনুষ্ঠানিকভাবে ছেলের প্রার্থিতা ঘোষণা করেন।নরসিংদী শহরের বাসাইল এলাকায় সাবেক মেয়র নিহত লোকমান হোসেনের বাড়িতে গতকাল সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লোকমানের স্ত্রী তামান্না নুসরাত, ছোট ভাই কামরুজ্জামান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী সরকারি কলেজের সহসভাপতি (ভিপি) শামীম নেওয়াজ, খলিলুর রহমান, শাহীন নেওয়াজ ও বোন রুবি নেওয়াজ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিল লোকমান হোসেনের চার বছর বয়সী মেয়ে নাজা।লোকমানের পরিবারের সদস্য ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল প্রায় তিন হাজার মানুষ। তাদের মধ্যে ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি সফিকুল ইসলাম, নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র জহিরুল ইসলাম, কাউন্সিলরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। তবে ছিলেন না আওয়ামী লীগের কোনো শীর্ষস্থানীয় নেতা।লোকমানের মা মাজেদা বেগম মেয়র পদে প্রার্থী হিসেবে তাঁর দ্বিতীয় ছেলে কামরুজ্জামানের নাম ঘোষণা করেন। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। প্রার্থিতা ঘোষণার সময় পরিবারের সদস্যরা অশ্রুসিক্ত হয়ে পড়ে।সংবাদ সম্মেলনে মাজেদা বেগম বলেন, ‘লোকমান হত্যার পর ৪৫ দিন পার হয়ে গেছে, মনের শোক কাটেনি। এই শোক কখনো কাটবেও না। আমার বিশ্বাস, বড় ছেলে মানুষের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছে। পরিবারের আরেকজন সদস্যকে হারানোর ভয়ে প্রথমে রাজি ছিলাম না। কিন্তু শেষ পর্যন্ত নরসিংদীবাসীর চাওয়াকে আমি উপেক্ষা করতে পারিনি।’নাম ঘোষণার পরপরই এত দিন শোকে স্থবির থাকা বাড়িটি করতালিতে মুখর হয়ে ওঠে। লোকমানের স্ত্রী তামান্না বলেন, ‘আজ চোখের পানি দিয়েই আনন্দ প্রকাশ করছি। শাশুড়ি যাঁকে মনোনয়ন দিয়েছেন, জনগণের সমর্থন পেলে তিনি আমার স্বামীর বাকি উন্নয়নকাজ এগিয়ে নিতে পারবেন।’কামরুজ্জামান বলেন, ‘আমার ভাই দুবার বিপুল ভোটে মেয়র হয়েছেন। অবহেলিত নরসিংদীর চেহারা পাল্টে দিয়েছেন। মাদক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সামাজিক শান্তি প্রতিষ্ঠা করেছেন। আমি মেয়র নির্বাচিত হলে ভাইয়ের পথেই হাঁটার চেষ্টা করব।’দলীয় সমর্থন চাইবেন কি না, তা জানতে চাইলে কামরুজ্জামান বলেন, ‘আমরা দল করি (আওয়ামী লীগ)। সুতরাং দলের কাছে সমর্থন চাইব।’লোকমানের ছোট ভাই শামীম নেওয়াজ বলেন, আজকের এই অনুষ্ঠান পারিবারিক ও মহল্লাবাসীর জন্য।গত ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন। মেয়র পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৯ জানুয়ারি এ নির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ৪ জানুয়ারি।আওয়ামী লীগ ও বিএনপির সভা কাল: পৌরসভার উপনির্বাচনে বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান কী হবে, তা নির্ধারণ করতে কাল শনিবার দলীয় সভা ডেকেছে দল দুটি।জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান বলেন, মেয়র পদে দলীয়ভাবে কাকে সমর্থন দেওয়া হবে, তা ঠিক করতে শনিবার সভা ডাকা হয়েছে।কামরুজ্জামানকে দল সমর্থন দেবে কি না, জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত কামরুজ্জামান লোকমানের পরিবারের প্রার্থী। এতে দলের কোনো সম্পৃক্ততা নেই। দল কাকে সমর্থন দেবে, তা সভায় সিদ্ধান্ত হবে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, ‘মেয়র নির্বাচন সামনে রেখে আমরা শনিবার সভায় বসছি। সভা থেকেই করণীয় ঠিক করা হবে।’