লোকমানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নরসিংদীতে দুদিনের হরতাল
নরসিংদীতে লোকমান সংগ্রাম পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে গতকাল শুক্রবার সাংবাদিক, পৌর মেয়র, পুলিশসহ কমপক্ষে ৫০ ব্যক্তি আহত হয়েছেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও তিনটি বাস-ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে পরিষদের পক্ষ থেকে আগামীকাল রোববার ও পরদিন সোমবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। আগামীকাল রোববার শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ নরসিংদীতে আসবেন। আর সাবেক মেয়র লোকমান হোসেনের হত্যাকারীদের বিচারের দাবিতে হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করে লোকমান সংগ্রাম পরিষদ। কর্মসূচির প্রথম দিনে গতকাল সমাবেশের ডাক দেন পরিষদের নেতারা। পরিষদের নেতা-কর্মীরা সমাবেশে আসার পথে পুলিশ বাধা দিলে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ জানায়, বিকেল চারটায় লোকমান সংগ্রাম পরিষদ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে লোকমান হত্যার বিচারের দাবিতে এক সমাবেশের আয়োজন করে। মেয়র কামরুজ্জামান নেতা-কর্মীদের নিয়ে মিছিল করে সমাবেশে যাওয়ার পথে শহরের বাসাইল শাপলা চত্বর এলাকায় পুলিশ বাধা দেয়। ওই সময় মেয়রসহ পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এতে চ্যানেল টোয়েন্টিফোর ও একুশে টিভির জেলা প্রতিনিধি, মেয়র কামরুজ্জামানসহ প্রায় ২০ ব্যক্তি আহত হন। পরে পুলিশকে লক্ষ্য করে লোকমানের সমর্থকেরা ইটপাটকেল ছুড়লে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। এ সময় পুলিশ ১৫-২০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে আহত ব্যক্তিদের নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর লোকমান পরিষদের উত্তেজিত কর্মী-সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা দুটি বাস ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ মহাসড়কে অবস্থান নিয়ে লোকমানের সমর্থকদের সরাতে পুনরায় কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় লোকমানের সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে আবারও সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ আরও ৩০ জন আহত হন। এ ঘটনার পর বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, লোকমান হোসেন হত্যাকাণ্ডে বিতর্কে জড়িয়ে দীর্ঘদিন ধরে জেলায় আসছেন না শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। তবে আগামী রোববার নরসিংদীতে আসার সিদ্ধান্ত নেন তিনি। সফরকালে মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ সকালে শহরে জেলা আওয়ামী লীগের নবনির্মিত ভবনের উদ্বোধন ও বিকেলে নিজের নির্বাচনী এলাকা রায়পুরার সিরাজনগর উচ্চবিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান বলেন, বিচারের দাবির নামে হরতাল, বিক্ষোভ সমাবেশ—সবকিছু পরিকল্পিতভাবে করা হচ্ছে; যা মন্ত্রীর সফরে বিশৃঙ্খলা সৃষ্টির একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান বলেন, ‘লোকমান হোসেনের বিচারের দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য সমাবেশে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ লাঠিপেটা করে আমাকেসহ আমার নেতা-কর্মীদের আহত করে। এসব করে আমাদের কর্মসূচি ঠেকাতে পারবে না।’নরসিংদীর সহকারী পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সাড়ে ৩০০ পুলিশ, ৭০ জন আর্মড পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।