লোকযাত্রায় মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রা মৌসুমের সূচনাতেই ঢাকায় শুরু হয়েছে যাত্রাগান। হাজারীবাগের পশ্চিমে বেড়িবাঁধসংলগ্ন বালুর মাঠে বসেছে মাসব্যাপী যাত্রাগানের প্যান্ডেল। সেই প্যান্ডেল আগের তুলনায় জৌলুশ ও চাকচিক্যহীন। বাইরে লাল-নীল আলোর ঝলকানি নেই। ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড টানানো হয়নি প্যান্ডেলের টিনের বেড়ার গায়ে। অতি সাদামাটা আয়োজন। কিন্তু লোকজনের আগ্রহের শেষ নেই। দিন দিন প্যান্ডেলে দর্শকসংখ্যা বাড়ছে। লোকজন টিকিট নিচ্ছে লাইনে দাঁড়িয়ে, আবার ঢুকছেও সারিবদ্ধ হয়ে। যাত্রাগানে মুগ্ধ হচ্ছে ঢাকার দর্শক।সুষ্ঠু, সুন্দর যাত্রা পেলে দর্শক যে আগ্রহের সঙ্গে দেখে, এর প্রমাণ পাওয়া গেল হাজারীবাগ প্যান্ডেলে। লক্ষ্মীপুরের কেয়া যাত্রা ইউনিট এখন পালা মঞ্চায়ন করছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি যাত্রাদল এই প্যান্ডেলে পালা প্রযোজনা করবে। নগরের বুকে যাত্রাপালার এ আয়োজন করেছে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের মহানগর কমিটির সভাপতি জসিম উদ্দিন ও সহসভাপতি এম এ সাঈদ।বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যাত্রা হচ্ছে গ্রামীণ বিনোদনের মাধ্যম। ছোট-বড় সবাই মিলে একত্রে দেখা যায়। কিন্তু সম্প্রতি এর চিত্র হচ্ছে ভিন্ন। অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে এখানে। তাই নিন্দিত যাত্রাকে নন্দিতরূপে ফিরিয়ে আনতে রাজধানী ঢাকা থেকে এর পদযাত্রা শুরু হলো।অন্যবারের মতো এবারও ঢাকার আশপাশে প্যান্ডেল গড়ার জোর তাগিদ চলছে। যাত্রাসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, ঢাকায় এবার পর্যাপ্ত যাত্রাগান হবে। হাজারীবাগে যাত্রা দেখছিলেন ট্যানারি-শ্রমিক রতন সরদার। বয়স ৬০-এর কাছাকাছি। যাত্রার খবর পেলেই দেখতে আসেন। গতবারও এই দলের গান শুনেছেন। এবার যাত্রা দেখে তিনি প্রশংসায় পঞ্চমুখ।উদ্যোক্তারা জানান, যাত্রাকে অবক্ষয় ও অবলুপ্তির হাত থেকে রক্ষা করতে মাঝেমধ্যে তাঁরা এমন আয়োজন করে থাকেন। সহজ শর্তে অনুমতি পাওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের সহযোগিতা চান তাঁরা।কেয়া যাত্রাদলের মালিক মাসুম চৌধুরী তাঁর অভিজ্ঞতা থেকে বলেন, বহু শ্রেণী-পেশার লোক আসে যাত্রা দেখতে। কেউ চায় নাচ, কেউ চায় গান, আবার কিছু দর্শক আছে, যারা শুধু অভিনয়ই পছন্দ করে। ফলে লোকজ আঙ্গিকের পালার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় করে পালা প্রযোজনা করতে হচ্ছে। এতে ব্যয় বাড়ছে। কোনো কোনো জায়গায় টিকিট দর্শকের ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে। দর্শক রুচি, তাদের টিকিটের ক্রয় ক্ষমতা, যাতায়াতব্যবস্থা, টয়লেটব্যবস্থা, পানীয় জলের বিষয়টি মাথায় নিয়েই প্যান্ডেল তৈরি করা হয়েছে।যাত্রাপালা শুরু হয় রাত ১১টায়। চলে ভোর পাঁচটা পর্যন্ত। তাই যাত্রা দেখতে হলে রাত জাগার প্রস্তুতিটাও নিতে হবে।