লোকসভায় ধর্ষণবিরোধী নতুন বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় গতকাল মঙ্গলবার মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রেখে ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি নতুন বিল পাস হয়েছে। আজ বুধবার দ্য টাইমস অব ইন্ডিয়া ও বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।গতকাল লোকসভায় বিলটি উত্থাপন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। এ নিয়ে সাত ঘণ্টা ধরে বিতর্কের পর লোকসভার সদস্যরা বিলটি পাস করেন। বিলটি এখন অনুমোদনের জন্য পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পাঠানো হবে।নতুন বিলে পিছু নেওয়া, গায়ে হাত দেওয়ার মতো অশ্লীল আচরণ, গোপনে অশ্লীল ভিডিওচিত্র ধারণ ও অ্যাসিড হামলার মতো গুরুতর অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত বিলে রাখা আইনের বিধান অনুযায়ী, সম্মতির মাধ্যমে কোনো নারীর সঙ্গে যৌন সম্পর্ক করতে চাইলে সেক্ষেত্রে তার বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে। এর আগে এই বয়স ছিল ১৬ বছর।বিলটিতে যেসব পরিবর্তন আনা হয়েছে, তা হচ্ছে—পুলিশ সদস্য বা কর্তৃপক্ষের কোনো ব্যক্তির মাধ্যমে কোনো নাবালিকা ধর্ষণ ও গণধর্ষণের শিকার হলে এজন্য ন্যূনতম সাজা ২০ বছরের কারাদণ্ড। কোনো কোনো ক্ষেত্রে অজামিনযোগ্য এই অপরাধের সাজা যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। গত বছরের ১৬ ডিসেম্বর রাজধানী নয়াদিল্লিতে বাসে এক মেডিকেল ছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার পর সারা দেশে বিক্ষোভের ঝড় ওঠে। এ সময় দেশটির বিদ্যমান ধর্ষণবিরোধী আইন সংশোধনের দাবি ওঠে। গত ৩ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিধানসভায় ক্রিমিনাল ল (সংশোধনী) বিল ২০১৩ অনুযায়ী ইন্ডিয়ান পেনাল কোড, কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ইন্ডিয়ান এভিডেন্ট অ্যাক্ট ও প্রোটেকশন চিলড্রেন ফ্রম সেক্সচুয়াল অফেন্সেস অ্যাক্ট সংশোধনী উত্থাপন করা হয়। গতকাল বিল উত্থাপনের সময় লোকসভার অধিকাংশ সদস্য অনুপস্থিত ছিলেন। এর মধ্যে রয়েছেন—কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধী। এ ছাড়া জনতা দলের প্রখ্যাত নেতা শরদ যাদব বিলটির বিরুদ্ধে ভোট দেন। তাঁর দাবি উত্ত্যক্ত করার অভিযোগে যদি শাস্তির বিধান রাখা হয় তবে অনেক পুরুষকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হতে পারে।এদিকে, পাস হওয়া বিলটির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের বেশ কয়েকটি নারীবাদী সংগঠন ও নারীবাদী আন্দোলনের কর্মীরা। তাদের মতে, যে বিলটি পাস হয়েছে, এতে বিয়ের সম্পর্কে আবদ্ধ অবস্থায় ধর্ষণ, ১৮ বছরের কম বয়সী ধর্ষককে শাস্তির আওতায় আনা ইত্যাদি বিষয় যুক্ত করা হয়নি। এ বিষয়গুলো যুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে নারীবাদীরা দাবি জানিয়ে আসছিলেন।